২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভাগত-শরীফের নৈপুণ্যে মধ্যাঞ্চলের জয়

জাতীয় দলের বাইরে থাকা দুই খেলোয়াড়ের কৃতিত্বে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে মধ্যাঞ্চল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 07:59 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠে শনিবার উত্তরাঞ্চলকে ২০২ রানে হারায় মোশাররফ হোসেনের দল।

ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য উত্তরাঞ্চলের প্রয়োজন ছিল ৪০০ রান। আর জিততে হলে মধ্যাঞ্চলকে পেতে হতো ৮ উইকেট।

আগের দিনের ২২ রান নিয়ে ব্যাট করতে নামা উত্তরাঞ্চলের ইনিংস গুটিয়ে যায় ২১৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬০ রান করেন নয় নম্বরে ব্যাট করতে নামা মুক্তার আলি। ৫৮ বলের ইনিংসটি ৭টি চার ও ৪টি ছয়ে সাজান তিনি।

এ ছাড়া আরিফুল হক ৩৬, ধীমান ঘোষ ৩১ ও সানজামুল ইসলাম ৩০ রান করেন।

আগের দিন দুই উইকেট নেওয়া শরীফ এদিন আউট করেন ফরহাদ হোসেনকে। ৩ উইকেট নিতে ১৯ রান খরচ করেন তিনি। আর অফস্পিনার শুভাগত ৩৯ রানে নেন ৩ উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্রথম ইনিংসেও ৪ উইকেট পাওয়া শরীফ।

তৃতীয় রাউন্ডের আরেক ম্যাচে ড্র করে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল।

আগের দিনের ৪ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নামা দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ৩৫৩ রান করে।

আগের দিনের ৮৪ রান নিয়ে ব্যাট করতে নামা এনামুল হক এদিন আর কোনো রান যোগ করতে পারেননি। ৪টি করে চার ও ছয়ে সাজানো তার ১৯৭ বলের ইনিংসটি দলীয় সর্বোচ্চ।

৫২ রান নিয়ে ব্যাট করতে নামা তাইবুর রহমান আউট হন ৭৪ রান করে। ১৫৩ বলের ইনিংসটি ৬টি চারে সাজান তিনি।

১৩০ রানে ৫ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সফলতম বোলার অফস্পিনার ইফতেখার সাজ্জাদ। ৮২ রান ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম।

জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পূর্বাঞ্চল ৪ উইকেটে ১১২ রান তোলে।

প্রথম ইনিংসে অপরাজিত ১২৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১ রান করে ম্যাচ সেরা হন পূর্বাঞ্চলের জাকির হোসেন।