২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট দেখে চমকে গিয়েছিলেন রোহিত

মিরপুরের সবুজ উইকেট দেখে অবাক হয়েছিলেন রোহিত শর্মা। পরিকল্পনা করেছিলেন লম্বা সময় উইকেটে থাকার। দলকে জেতানো ইনিংস খেলতে পেরে দারুণ তৃপ্ত ভারতীয় ওপেনার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:26 AM

Updated : 12 Apr 2022, 01:30 AM

দিনভর থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশ মিলিয়ে এমনিতেই কন্ডিশন ছিল পেস সহায়ক; সঙ্গে যোগ হয়েছিল সবুজ উইকেট। মিরপুরের উইকেটে এত ঘাস আদৌ কোনো দিন ছিল কিনা সন্দেহ।

এই বিরুদ্ধ উইকেটে ম্যাচ জেতানো এক ইনিংস খেলেছেন রোহিত। ৪২ রানেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। রোহিতের ৫৫ বলে ৮৩ বলের ইনিংস আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ছোটো কিন্তু কার্যকর ইনিংসে ভারত পেয়ে যায় ১৬৬ রানের বড় পুঁজি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ইনিংসের জন্য ম্যাচ সেরা রোহিতই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানালেন, উইকেটের চ্যালেঞ্জ আরও বেশি উদ্বুদ্ধ করেছিল তাকে।

“আমাদের এই অঞ্চলে এই ধরণের উইকেট পাওয়া অস্বাভাবিক। এই উইকেটে প্রয়োজন ছিল একজন টপ অর্ডার ব্যাটসম্যানের টিকে থাকা এবং লম্বা ইনিংস খেলা। আমি নিজেকে বলছিলাম যে কাজটা আমাকেই করতে হবে। আমি স্রেফ মৌলিক দিকগুলোতেই মনোযোগ দিয়েছি, বোলারদের গতিকে কাজে লাগিয়ে রান করতে চেয়েছি।”

দারুণ এই ইনিংসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও উচ্ছ্বসিত প্রশংসা আদায় করে নিয়েছেন রোহিত।

“রোহিতের ইনিংসটা ছিল স্পেশাল, কারণ ওই সময় আমাদের একটা জুটি প্রয়োজন ছিল। রোহিত সেটিই করেছে। প্রথমে যুবরাজ, পরে হার্দিককে নিয়ে জুটি গড়েছে। উইকেটের আচরণ বুঝে শুরুতে সময় নিয়ে পরে রান বাড়িয়েছে। এই উইকেটে ওই সময়ে ঠিক এরকম ইনিংসই দলের প্রয়োজন ছিল।”

পুরনো খবর:

ভারতকে চ্যালেঞ্জই জানাতে পারল না বাংলাদেশ