২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুস্তাফিজের কাটারগুলি গ্রিপ করেনি’

বৃষ্টিভেজা মাঠ, শিশির ভেজা উইকেট - তাতেই সর্বনাশ মুস্তাফিজুর রহমানের! বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, ভেজা বল উইকেটে গ্রিপ করেনি বলেই কার্যকর হয়নি মুস্তাফিজের কাটারগুলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:11 AM

Updated : 12 Apr 2022, 01:30 AM

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুরের উইকেট ছিল ঘাসে ভরা। কিন্তু সবুজ উইকেটেও প্রত্যাশামতো ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের পেসাররা। সবচেয়ে বেশি আশা ছিল যাকে নিয়ে, সেই মুস্তাফিজই ছিলেন সবচেয়ে বিবর্ণ। ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য!

মুস্তাফিজের ৯ বলে ১৯ রান নিয়েছেন ভারতের নবীন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ও রোহিত মিলে বাংলাদেশের তরুণ পেস সেনসেশনের এক ওভারে নিয়েছেন ২১ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের সাফল্য না পাওয়ার ব্যখ্যা দিলেন অধিনায়ক মাশরাফি।

“মুস্তাফিজের কাটারগুলো গ্রিপ করছিল না। বলটা ভিজে গিয়েছিল শিশিরে। ওটা বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল। মাঠেই আমাকে মুস্তাফিজ বলছিল যে ওর স্লোয়ারগুলি উইকেটে ধরছে না।”

গত জুনে ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। এবার তাই বাঁহাতি পেসারের বোলিং নিয়ে যথেষ্টই কাঁটাছেড়া করার কথা ভারতের। তবে মাশরাফির ধারণা, ভারতের ‘হোমওয়ার্ক’ করা নয়, শিশিরই মুস্তাফিজের না পারার কারণ।

“প্রস্তুতি তো নেবেই। সেটা ব্যাপার না। শিশিরের কারণে বল উইকেটে গ্রিপ করছিল না। একটা কাটারে মিসটাইমিং হয়েও ছক্কা হয়ে গেল। আরেকবার রোহিতের ব্যাটের কানায় লাগলেও ফিল্ডার পর্যন্ত যায়নি। আর পরে স্লোয়ার বল উইকেটে গ্রিপ করছিল না। বল উইকেটে পড়ে একটু থমকে গিয়ে যে লাফ দেয়, সেটা হচ্ছিল না। গ্রিপ না করলে আসলে কাজটা কঠিন হয়ে যায়।”

পুরনো খবর:

ভারতকে চ্যালেঞ্জই জানাতে পারল না বাংলাদেশ