অবসর না নিতে আফ্রিদির উপর ‘চাপ’
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু নিজের এই সিদ্ধান্ত নিয়ে এখন দোলাচলে আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। তার ওপর নাকি অবসর না নিতে চাপ আছে!
চাপটা আসছে আফ্রিদির কাছের মানুষদের কাছ থেকেই। পাকিস্তান সুপার লিগে খেলতে আফ্রিদিসহ পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই থেকে ঢাকায় উড়াল দিয়েছে পাকিস্তান দল। তার আগে ইএসপিএন ক্রিকইনফোকে আফ্রিদি জানিয়েছেন নিজের ভবিষ্যৎ ভাবনা।
“বেশ কিছুদিন ধরেই আমার পরিবার অনেক চাপ দিচ্ছে। আমার বন্ধুরা, বড়রাও চাপ দিচ্ছে, বলছেন যে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কোনো দরকার নেই। প্রচণ্ড চাপ সেটি।”
শুধু চারপাশের লোকজনের চাপ নয়, আফ্রিদির নিজেরও যে ভাবনা বদলেছে, সেটারও ইঙ্গিতও মিলেছে আরেকটি কথায়।
“পাকিস্তান থেকে এমন কোনো প্রতিভাও উঠে আসছে না। এমন নয় যে আমি কারও জায়গা আটকে রেখেছি।”
আফ্রিদি জানালেন, বিশ্বকাপে দলের ও নিজের পারফরম্যান্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
“প্রথমে আমি দেখতে চাই, বিশ্বকাপে দল কেমন করে। পারফরম্যান্স দিয়ে আমি দলকে এগিয়ে নিতে পারি কিনা। নিজে কোথায় দাঁড়িয়ে, সেটাও দেখতে চাই। খেলা চালিয়ে যাওয়ার কথা বললে, আমার ফিটনেস এখনও দারুণ। প্রাণশক্তিও আছে। খেলা চালিয়ে যেতে পারি। তবে বিশ্বকাপের পরই স্পষ্ট করে সব বলতে পারব।”
