বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত ধোনি
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশে বিপক্ষে নাও দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। সোমবার দলের অনুশীলনে চোট পেয়েছেন ভারত অধিনায়ক। শেষ মুহূর্তে তাই উড়িয়ে আনা হয়েছে পার্থিব প্যাটেলকে।
মঙ্গলবার টিম হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ধোনি থাকলেও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন সহ-অধিনায়ক বিরাট কোহলি। সংবাদ সম্মেলনের আগে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার জানালেন, ধোনির চোটের অবস্থা পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেবে দল।
কোহলি জানালেন, মঙ্গলবার বিকেলে দলের অনুশীলনে বা সন্ধ্যায় টিম মিটিংয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে বিশ্বকাপের আগে নিশ্চিতভাবেই অধিায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না দল।
ধোনি শেষ পর্যন্ত ফিট হতে না পারলে অনেকটা অভাবিতভাবেই আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবেন পার্থিব। ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে আলোচিত টেস্ট অভিষেকের পর একটা সময় হারিয়েই গিয়েছিলেন প্রায়। ভারতের হয়ে সবশেষ খেলেছেন ৪ বছর আগে, অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেনই মাত্র দুটি। দুটিই ২০১১ সালে।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অবশ্য ভালো ফর্মে ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। গুজরাটের হয়ে শতক করেছেন বিজয় হাজারে ট্রফিতে, দেওধর ট্রফিতে শতক করেছেন ভারত ‘এ’ দলের বিপক্ষে।
