২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি কমলো নাদির শাহের

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া আম্পায়ার নাদির শাহ মাঠে ফিরতে যাচ্ছেন। তার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

২০১২ সালের অক্টোবরে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন নাদির। পরে ২০১৩ সালে ১৮ মার্চ তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান নাদিরের শাস্তি কমিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান।   

“নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিলাম। পরবর্তীতে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অন্যান্য দেশে যারা একই রকম শাস্তি পেয়েছিল তাদের কেউই তিন বছরের বেশি শাস্তি পায়নি। সেজন্য আমরা আজকে বোর্ডে তার শাস্তি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে ঘরোয়া ক্রিকেট আম্পায়ারিং করতে পারবে।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে আম্পায়ারিংয়ে ফিরতে পারেন নাদির।

২০১২ সালের অক্টোবরে ইন্ডিয়া টিভিতে প্রচারিত গোপন ক্যামেরায় ধারণ করা চিত্র দেখিয়ে বলা হয়, নাদির শাহসহ বিভিন্ন দেশের ছয় জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দিতে কিংবা বিভিন্ন তথ্য আগেভাগে সরবরাহে রাজি ছিলেন।

এটি প্রচার হওয়ার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়।

ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাদির শাহর পাশাপাশি পাকিস্তানের আম্পায়ার নাদিম ঘুরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেসানায়েকে, মরিস ওয়াটসন ও সাগারা গালাগে ম্যাচ গড়পেটায় রাজি ছিলেন।

নাদির শাহর মতো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ইন্ডিয়া টিভি, তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে টেলিভিশনটি জানায়।