২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

নাজিবুল্লাহ জাদরান ও আসগর স্তানিকজাইয়ের দারুণ ব্যাটিংয়ের পর মোহাম্মদ নবির চমৎকার বোলিংয়ে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। রান রেটে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে এগিয়ে যেতে হংকংকে ৬৬ রানে হারিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 06:44 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

৩ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট পাওয়া আফগানিস্তান (+০.৯৫৪) শ্রেয়তর রান রেটে শীর্ষে উঠে এসেছে। চূড়ান্ত পর্বে খেলতে হলে ওমানকে দিনের দ্বিতীয় ম্যাচে হারাতেই হবে দুই জয়ে চার পয়েন্ট পাওয়া সংযুক্ত আরব আমিরাতের (+০.৭৪০)।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করে আফগানিস্তান।

৬০ রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ। তার ৩৫ বলের ইনিংসটি গড়া ৩টি চার ও ৪টি ছক্কায়। ৩৫ বলে ৪৯ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন অধিনায়ক আসগর। এছাড়া ২৪ রান আসে মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে।

হংকংয়ের আইজাজ খান তিন উইকেট নেন ৩৮ রানে।

জবাবে ১৭ ওভার ১ বলে ১১২ রানে অলআউট হয়ে যায় হংকং।

সর্বোচ্চ ৪১ রান অসে আনশুমান রাথের ব্যাট থেকে। তার সঙ্গে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়া কিনচিত শাহ করেন ২৯ রান। এই দুই জনের বাইরে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল বাবর হায়াত (১৮)।

হংকংয়ের শেষ আট ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। দলটি শেষ ৯ উইকেট হারায় ৩৩ রানে।

১৭ রানে চার উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার নবি। এছাড়া দুটি করে উইকেট নেন রশিদ খান ও দৌলত জাদরান।