২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্ধশ্বাস জয়ে টিকে থাকল আফগানিস্তান

এশিয়া কাপের বাছাইপর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছিল আফগানিস্তান। কিন্তু দৌলত জাদরানের দুই ছক্কায় শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। চার দলের বাছাইপর্বে প্রথম জয় পেতে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ওমানকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৫ রান করে ওমান। জবাবে তিন বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে দলকে জয়ের পথে রাখেন নুর আলি জাদরান ও অধিনায়ক আসগর স্তানিকজাই (৩৪)। ৪৪ বলে ৬৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা নুর আলি আফগানিস্তানকে ৪ উইকেটে ১৪০ রানের সুবিধাজনক জায়গায় নিয়ে যান।

শেষ চার ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২৭ রান, হাতে ছিল ৬ উইকেট। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলটির শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০ রান। টানা দ্বিতীয় জয়ের সামনে থাকা ওমানকে হতাশ করে পর পর দুই ছক্কা হাকিয়ে সেই লক্ষ্যে দলকে পৌঁছে দেন দৌলত।

ওমানের মেহরান খান ও বিলাল খান তিনটি করে উইকেট নেন।

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান জিশান মাকসুদ (৫২) ও আদনান ইলিয়াসের (৫৪) দুই অর্ধশতকে লড়াইয়ের পুঁজি গড়ে ওমান। জিশানের সঙ্গে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়া জিতেন্দর সিং করেন ২৩ রান।

আফগানিস্তানের গুলবাদিন নাইব দুই উইকেট নেন ২৪ রানে।