রেকর্ডের কথা মাথায় ছিল না ম্যাককালামের
ব্রেন্ডন ম্যাককালাম জানতেনই না যে, ভিভ রিচার্ডস আর মিসবাহ-উল হকের যৌথ অধিকারে থাকা টেস্ট ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে চলেছেন।
হ্যাগলি ওভালে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের দ্বাদশ শতক পেতে ৫৪টি বল খেলেন ম্যাককলাম। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের এটি ক্যারিয়ারের ১০১তম ও শেষ টেস্ট।
১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে শতক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান রিচার্ডস। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবু ধাবিতে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পাকিস্তানের মিসবাহ।
দিন শেষে সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, “আমার কোনো ধারণাই ছিল না। আমি প্রত্যেক বলে চার বা ছক্কা মারতে চেষ্টা করছিলাম। ভিভ আমার বেড়ে ওঠার আদর্শ ছিলেন। তাই এ ক্ষেত্রে তাকে ছাড়িয়ে যেতে পারাটা দারুণ।”
নিউ জিল্যান্ড অধিনায়ক যখন মাঠে নেমেছিলেন, ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দল তখন বিপদের মধ্যে ছিল। নেমেই ম্যাককালাম শুরু করলেন অবিস্মরণীয় এক প্রতি আক্রমণ। ৭৯ বলে ২১টি চার ও ৬টি ছয়ে তার ১৪৫ রানের ইনিংসের কল্যাণে অল আউট হওয়ার আগে ৩৭০ রান করে নিউ জিল্যান্ড।
ম্যাককালাম বলেন, “তিনি (ভিভ রিচার্ডস) ছিলেন অসাধারণ একজন ক্রিকেটার। সত্যি বলছি, তাকে অতিক্রম করে যাওয়ায় আমি কিছুটা বিব্রত।”
বিধ্বংসী ইনিংসটি খেলার পথে ৩৯ রানে জেমস প্যাটিনসনের বলে গালিতে মিচেল মার্শের অসাধারণ ক্যাচের শিকার হয়েছিলেন ম্যাককালাম। কিন্তু টিভি রিপ্লে দেখে নো বল দেন আম্পায়ার। এরপর ম্যাককালাম যেন আরও দুরন্ত হয়ে ওঠেন।
“এটা মারার পর পরই আমার মনে হয়েছিল চার হয়েছে। … এটা সত্যিই দারুণ বেঁচে যাওয়া ছিল।”
“আপনার সম্ভবত ওখানে থাকার কথা নয় (ক্যাচ দিয়েও বেঁচে যাওয়ার পর)। আর এ কারণেই আপনি আরেকটু বেশি স্বাধীনতা নিয়ে খেলতে পারবেন।”
এমন আক্রমণাত্মক ইনিংস খেলার ব্যাখ্যাও দেন ম্যাককালাম, “আপনি যখন এই ধরনের উইকেটে মুখোমুখি হবেন, তখন আপনাকে আক্রমণাত্মক হতে হবে। আমি মনে করি, আজ আমরা ভাগ্যের ছোঁয়া পেয়েছি।”
