বাবর হায়াতের রেকর্ড সেঞ্চুরির পরও হংকংয়ের হার
বড় রান তাড়ায় বলতে গেলে একাই হংকংকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন বাবর হায়াত। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। রোমাঞ্চকর ম্যাচে হংকংকে ৫ রানে হারিয়েছে ওমান।
শুক্রবার ফতুল্লায় এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তুলেছিল ওমান। বাবর হায়াতের সেঞ্চুরির পরও হংকং করতে পারে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫।
৬০ বলে ১২২ রানের টর্নেডো ইনিংস খেলেন হায়াত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহযোগী দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে এটি সর্বোচ্চ ইনিংস। কিন্তু রান তাড়ায় তিনি পাননি যোগ্য সঙ্গী। হংকংয়ের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আইজাজ খানের ১৫! হংকংয়ের সেরা ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানকে (৮) নন স্ট্রাইক প্রান্তে রান আউট (ম্যানক্যাডিং) করে দেন ওমানের বাঁহাতি স্পিনার আমির কালিম।
এক প্রান্তে নিয়মিত উইকেট হারানোর থাকার মধ্যেই আরেক প্রান্তে চার-ছক্কার ঝড় তোলেন হায়াত। ৯০ থেকে টানা দুই ছক্কায় ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি, মাত্র ৫০ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি, সহযোগী দেশগুলোর মধ্যে দ্রুততম।
শেষ ৩ ওভারে হংকংয়ের প্রয়োজন ছিল ৪৫। বাঁহাতি স্পিনার জিশান মাকসুদের এক ওভারে চার ছক্কায় ২৭ রান নেন হায়াত। কিন্তু ৬ উইকেট হাতে নিয়েও মেলাতে পারেননি শেষ ২ ওভারে ১৮ রানের সমীকরণ। ৯ চার ও ৭ ছক্কায় ১২২ করে শেষ ওভারে আউট হন হায়াত। শেষ হয় হংকংয়ের আশাও।
এর আগে টস জয়ী ওমানকে ব্যাটিংয়ে ভালো শুরু এনে জাতিন্দার সিং (৩৫ বলে ৪২)। শেষ দিকে ১৬ বলে ২৮ রান করেন মেহরান খান, ১৩ বলে ৩২ আমির আলি। শেষ ৫ ওভারে ৬০ রান তুলে ওমান স্পর্শ করে ১৮০। টি-টোয়েন্টিতে এই প্রথমবার ওমান ছাড়াল দেড়শ’।
শেষ পর্যন্ত এই স্কোরের নাগাল পাওয়া হয়নি হংকংয়ের।
