২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের জয়ের নায়ক এক ‘বিক্রয় নির্বাহী’

রোহান মুস্তাফার ভালোবাসা ক্রিকেট, পেশা একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তবে আপাতত তার পরিচয়, সংযুক্ত আরব আমিরাতের জয়ের নায়ক! মুস্তাফার অলরাউন্ড নৈপুণ্যে এশিয়া কাপের বাছাই পর্বে আফগানিস্তানকে ১৬ রানে হারিয়েছে আমিরাত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 08:53 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

শুক্রবার ফতুল্লায় বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করেছিল সংযুক্ত আরব আমিরাত। এক বল বাকি থাকতে আফগানিস্তান অল আউট ১৬০ রানে।

আমিরাতের প্রায় সব ক্রিকেটারই জীবিকার তাগিদে যুক্ত নানা পেশায়। কাজ শেষ করে সন্ধ্যা ৬টার পর সবাই অনুশীলন করেন ক্রিকেট। এশিয়া কাপের পর প্রথমবারের মতো ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করবে এমিরেটস ক্রিকেট বোর্ড। উজ্জীবিত ক্রিকেটাররা সেটি উদযাপন করলেন মাঠের পারফরম্যান্সে, হারিয়ে দিলেন ফেভারিট আফগানিস্তানকে। এই জয়ের অগ্রভাগে ছিলেন জীবন যুদ্ধে অনেক লড়াই করে টিকে থাকা রোহান মুস্তাফা।

লেট মিডল অর্ডার থেকে সম্প্রতি ওপেনার বনে যাওয়া মুস্তাফা ঝড়ো ইনিংসে করেছেন ৭৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরাতের হয়ে এটি সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। পরে অফ স্পিনে এক ওভারেই মুস্তাফা নিয়েছেন ৩ উইকেট!

মুহাম্মদ কালিমকে নিয়ে (২৫) উদ্বোধনী জুটিতেই ৮৩ রান তোলেন মুস্তাফা। ৭ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৭৭ করেন মুস্তফা। শেষ দিকে ১৬ বলে অপরাজিত ২৫ করেন মোহাম্মদ শাহজাদ।

কদিন আগেই বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে যাওয়া আফগান লেগ স্পিনার রশিদ খান ৩ উইকেট নেন ২৫ রানে।

রান তাড়ায় ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। চারে নেমে ৪৮ বলে ৭২ করেন করিম সাদিক। মোহাম্মদ নবি করেছেন ১৮ বলে ২৩, ১৪ বলে ২১ নাজিবুল্লাহ জাদরান। দু অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ।

দুটি করে উইকেট নিয়েছেন আমিরাতের মোহাম্মদ নাভিদ ও ফারহান আহমেদ। আর শেষ ওভারে ৩ উইকেট নিয়ে আফগানদের লেজ গুটিয়ে দিয়েছেন মুস্তাফা।