২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে নজর রেখে ক্লার্কের ফেরা

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আগামী মাসে সিডনির স্থানীয় একটি দলের হয়ে দুই দিনের ম্যাচে খেলবেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 03:08 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

ক্লার্ক ফিরতে পারেন প্রথম শ্রেণির ক্রিকেটেও। তবে তার আগ্রহের কেন্দ্রে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। ক্রিকেটের একমাত্র এই সংস্করণেই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।

২০১৫ সালে বিশ্বকাপ শিরোপা জেতার পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেন ক্লার্ক। গত অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে হারের পর টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান তিনি।

সিডনির দল ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে ২০-২১ ফেব্রুয়ারির একটি ম্যাচে খেলার কথা রোববার নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী ক্লার্ক।

“অবশ্যই আমার মনোযোগ থাকবে টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় আমি টেস্ট ও ওয়ানডের দিকে এতটাই মনোযোগী ছিলাম যে, আইপিএলের অনেক সুযোগকে আমি ‘না’ বলেছিলাম।”

“আমি বিগ ব্যাশে একটি ম্যাচও খেলিনি। টেস্ট ও ওয়ানডের জন্য ফিট থাকতে সে সময় আমি নিজের শরীরকে বিশ্রাম দিয়েছিলাম। এখন আমার সুযোগ আছে, যদি আমি এটা উপভোগ করি তাহলে আমি সত্যিই সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতে এবং এই ধরনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে আমার খেলার কিছু অংশ পরিবর্তন করতে পারব,” যোগ করেন ক্লার্ক।

১১৫ টেস্টে ৪৯.১০ গড়ে ও ২৪৫ ওয়ানডেতে ৪৪.৫৮ গড়ে রান করা ক্লার্ক টি-টোয়েন্টিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এই সংস্করণে ৩৪ ম্যাচে তার গড় ২১.২১। যদি ফেরাটা উপভোগ করেন তাহলে টি-টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরতে ঘাম ঝরাবেন ক্লার্ক।