শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়াটসন
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন শেন ওয়াটসন।
ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, অ্যারন ফিঞ্চ চোটের কারণে ছিটকে পড়াতেই ওয়াটসনকে নেতৃত্ব দিয়েছে তারা।
মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে গত শুক্রবার ২৭ রানে হেরে যাওয়া ম্যাচের সময় হ্যামস্ট্রিং পেশিতে চোট পান ফিঞ্চ। আগামী রোববার সিডনিতে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না উদ্বোধনী এই ব্যাটসম্যান।
ফিঞ্চের পরিবর্তে রোববারের ম্যাচের জন্য বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাওয়াজাকে দলে ডাকেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ৩৪ বছর বয়সী ওয়াটসন এর আগে অস্ট্রেলিয়াকে একটি টেস্ট ও ৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে গেছে অস্ট্রেলিয়া। তার আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা।
