নিউ জিল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ভারত
সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা দ্বিতীয় জয় পেতে নিউ জিল্যান্ডকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৮ রান করে ভারত।
সর্বোচ্চ ৭৪ রান আসে সরফরাজ খানের ব্যাট থেকে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় অর্ধশতক। তার ৮০ বলের ইনিংসটি গড়া ৯টি চারে।
১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে পথ দেখান সরফরাজ ও ঋষভ পান্ত। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন ৬৯ রানের জুটি। উদ্বোধনী ব্যাটসম্যান পান্ত খেলেন ৫৭ রানের ভালো একটি ইনিংস।
ভারতের সংগ্রহ আড়াইশ’ পার হওয়ায় অবদান রয়েছে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান আরফাম জাফর (৪৬) ও মাহিপাল লোমরোরের (৪৫)।
নিউ জিল্যান্ডের জ্যাক গিবসন ৩ উইকেট নেন ৫০ রানে। এছাড়া নাথাম স্মিথ ও রাচিন রবিন্দ্র দুটি করে উইকেট নেন।
জবাবে ৩১ ওভার ৩ বলে ১৩৮ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।
শনিবার গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারায় নেপাল। তাই শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিউ জিল্যান্ড। শুরু থেকেই উইকেট হারানো দলটি কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি।
১৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি নিউ জিল্যান্ড। ক্রিস্টিয়ান লিওপার্ড (৪০), ফিন অ্যালেন (২৯), ট্যালর স্কটরা (২৯) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।
৪৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতেরা সেরা বোলার লামরোর। এছাড়া আভেশ খান ৪ উইকেট নেন ৩২ রানে।
ভারতের জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে টানা দ্বিতীয় জয় পাওয়া নেপালেরও। এই দুই দলের লড়াইয়েই ঠিক হবে গ্রুপ সেরা।
