অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ব্যানক্রফট
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। ম্যাথু ওয়েডের জায়গায় দলে আসা এই উইকেটরক্ষকের আন্তর্জাতিক অভিষেক হবে তৃতীয় টি-টোয়েন্টিতে।
আগামী সপ্তাহে নিউ জিল্যান্ডে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে খেলতে ভারত সিরিজের দলে থাকা ম্যাথু ওয়েডসহ অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটার শনিবার নিউ জিল্যান্ড যাবেন।
আগামী রোববার সিডনিতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি দলে না থাকা ক্রিকেটারদের সঙ্গে শনিবার নিউ জিল্যান্ডে যাবেন ওয়ানডে অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং দুই পেসার কেন রিচার্ডসন ও জন হেস্টিংস।
পাঁচ খেলোয়াড় চলে গেলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচের অস্ট্রেলিয়া দলে থাকবে ১২ ক্রিকেটার। এদের কেউ আবার উইকেটরক্ষক নন। তাই ডাক পড়েছে ২৩ বছর বয়সী ব্যানক্রফটের।
অস্ট্রেলিয়ার জাতীয় দলে ব্যানক্রফটের এটাই প্রথম ডাক পাওয়া নয়। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। নিরাপত্তা শঙ্কায় সেই সফর স্থগিত করে অস্ট্রেলিয়া।
