টি-টোয়েন্টি সিরিজ ভারতের
অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারা ভারত এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ গড়ে মহেন্দ্র সিং ধোনির দল। পরে বোলারদের দারুণ বোলিংয়ে ২৭ রানের জয় তুলে নেয় দলটি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী রোববার সিডনিতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ১৫৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
শন মার্শের সঙ্গে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৯৪ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দেয় অস্ট্রেলিয়াকে। মার্শকে (২৩) ফিরিয়ে ৯.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই ওভারে দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান ফিঞ্চ।
মার্শের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফিঞ্চের অধিনায়কোচিত ব্যাটিংও দলকে জয় এনে দিতে পারেনি।
রান আউট হওয়ার আগে ৭৪ রান করেন ফিঞ্চ। তার ৪৮ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও দুটি ছক্কায়। শেন ওয়াটসন (১৫), জেমস ফকনারের (১০) ব্যাটে ঝড়ের আভাস থাকলেও তাদের দ্রুত বিদায়ে টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
ভারতের রবিন্দ্র জাদেজা ও জাসপিত বুমরাহ দুটি করে উইকেট নেন।
উদ্বোধনী জুটির ঝড়ো ব্যাটিংয়ে ৬৮ বলে একশ’ রানে পৌঁছে ভারতের সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর চেয়ে কম বলে রান তিন অঙ্কে নেওয়ার নজির আছে আর একটি। ২০১৩ সালে ব্রিসবেনে ৬৭ বলে একশ’ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বিরাট কোহলির সঙ্গে ৪৬ রানের জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন রোহিত। ৫ ওভার স্থায়ী তাদের এই জুটি ভাঙে রোহিতের রান আউটে। ৪৭ বলে খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৬০ রানের ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৩৩ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ১টি ছক্কায়।
এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিল ছয়টি পরিবর্তন। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, ক্যামেরন বয়েস, শন টেইট ও কেন রিচার্ডসন খেলেননি। তাদের জায়গায় দলে ফিরেছেন শন মার্শ, ম্যাক্সওয়েল ও জন হেস্টিংস। অভিষেক হয়েছে নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও অ্যান্ড্রু টাইয়ের।
এর আগে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে ভারত।
