২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ‘উড়ে উড়ে’ খেলবে বাংলাদেশ!

প্রথম ম্যাচে স্বস্তির জয়ে চওড়া হাসি মিজানুর রহমানের মুখে। নির্ভার বাংলাদেশ যুব দলের কোচ বলছেন, এখন উড়ে উড়ে খেলবে বাংলাদেশ দল!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:00 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের লড়াইয়ের ফল ছিল এক তরফা। দুটি সিরিজে প্রোটিয়াদের পাত্তাই দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে সেই দলই বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। উপমহাদেশের দেশগুলোর চেয়ে এই দক্ষিণ আফ্রিকা নিশ্চিত ভাবেই বাংলাদেশর কাঙ্ক্ষিত প্রতিপক্ষ।

তার পরও দলে খানিকটা অস্বস্তি ছিল বিশ্বকাপ বলেই। প্রথম ম্যাচ সবসময়ই চাপের।

ম্যাচর আগে অবশ্য চাপে থাকার কথা উড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের কোচ-অধিনায়ক। তবে প্রথম ম্যাচে ৪৩ রানের জয়ের পর আর রাখঢাক করলেন না বাংলাদেশ কোচ। এই জয়ে চাপমুক্তির আনন্দ সংবাদকর্মীদের জানালেন অকপটেই।

“সত্যি বলতে অনেক চাপে ছিলাম। প্রথম ম্যাচ জয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন আর কোনো চাপ নেই। আমরা এখন উড়ে উড়ে খেলব!”