পিনাক-জয়রাজদের কাছে শতক চান স্টুয়ার্ট ল
ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তকে প্রত্যাশিত চেহারায় দেখতে পেয়ে খুশি স্টুয়ার্ট ল। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা বড় ইনিংস চান দলের টপ অর্ডারদের কাছ থেকে।
বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। খানিকটা মন্থর উইকেটে ৭৩ রানের দারুণ ইনিংসে বাংলাদেশের জয়ের পথ তৈরি করে দিয়েছেন শান্ত।
দলের প্রয়োজনে তরুণ ব্যাটসম্যানকে এমন পরিণত ইনিংস খেলতে দেখে খুশি ল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত প্রশংসা করলেন দলের সহ-অধিনায়কের।
“এটাই ওর কাজ। ওকে নির্দেশনা দেওয়া আছে দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার। সময় নিয়ে ইনিংস গড়েছে, থিতু হওয়ার পর দারুণ সব শট খেলেছে। এভাবেই ব্যাট করা উচিত।”
শান্তর ইনিংসটির আগে ভালো খেলছিলেন পিনাক ঘোষ ও জয়রাজ শেখও। তবে সম্ভাবনাময় ইনিংসকে উল্লেখযোগ্য বড় স্কোরে রূপ দিতে পারেননি কেউই। টেকনিকাল উপদেষ্টার আক্ষেপ এখানেই।
“এটা হতাশাজনক যে আরও দুই-একজন ভালো শুরুটাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে পারেনি, বড় রান করতে পারেনি। ওদের স্মিথ যেমন সেঞ্চুরি করেছে। টপ অর্ডারে আমাদের একজন ব্যাটসম্যান এমন সেঞ্চুরি করতে পারলে আমরা ৩০০ রানের কাছাকাছি করতে পারব।”
