দলের সঙ্গে নিউ জিল্যান্ড যাচ্ছেন না কোচ লেম্যান
অসুস্থতার কারণে আগামী মাসের নিউ জিল্যান্ড সফরে দলের সঙ্গে যাবেন না অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান।
লেম্যানের শরীরে ডিপ ভেইন থ্রোম্বোসিস (ডিভিটি) ধরা পড়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার অবর্তমানে দেশটির জাতীয় দলের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত কোচ মাইকেল ডি ভেনুটো।
ভারতের সঙ্গে দেশের মাটিতে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ১ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড যাবে অস্ট্রেলিয়া দল। ৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে শুরু হবে চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে দ্বিতীয় ও ৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ম্যাচ হবে।
নিউ জিল্যান্ড সফরে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করবেন ৪২ বছর বয়সী সাবেক ক্রিকেটার ডি ভেনুটো।
তবে সীমিত ওভারের সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সময় দলের সঙ্গে লেম্যানের যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
