২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশের যুবারা। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৯৭ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 04:35 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিং করেননি জিম্বাবুয়ের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে শতক করা নাজমুল হোসেন শান্ত।

প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনই দুই অঙ্কে যান, কিন্তু তাদের কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। ২৪তম ওভারে ৯১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে শফিউল হায়াত, জাকের আলী ও মোহাম্মদ সাইফুদ্দিন দলকে আড়াইশ’ রানের কাছাকাছি নিয়ে যান। সর্বোচ্চ ৬৮ রান করা শফিউলের ৮৯ বলের ইনিংসটি ৬টি চার ও একটি ছক্কায় গড়া।

শফিউলের সঙ্গে ৫৯ রানের জুটি গড়া জাকের আউট হন ৩৬ রান করে। অলরাউন্ডার সাইফুদ্দিন অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ৩৫ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চারে।

ইংল্যান্ডের সাকিব মাহমুদ, ব্র্যাড টেইলর ও ডন লরেন্স দুটি করে উইকেট নেন।

জবাবে ১১ বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের চার ব্যাটসম্যান ফিরেন শূন্য রানে।

সাইফুদ্দিন ও মেদেহি হাসান মিরাজের মারাত্মক বোলিংয়ে শুরুতেই দিক হারায় ইংল্যান্ড। রানের খাতা খোলার আগেই ফিরে যান দলটির তিন ব্যাটসম্যান।

প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে রান পান কেবল জ্যাক বার্নহ্যাম। দলীয় ১৫ রানে তাকেও ফিরিয়ে দেন সালেহ আহমেদ শাওন।

এরপর ক্যালাম টেইলর (৩৬) ও স্যাম কারেন (২৯) কিছুটা প্রতিরোধ গড়েন। টেইলরকে ফিরিয়ে আরিফুল ইসলাম এই প্রতিরোধ ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড।

শেষের দিকে অধিনায়ক টেইলর দলকে দেড়শ’ রানের কাছাকাছি নিয়ে যান। ৫২ বলে দুটি করে ছক্কা-চারের সাহায্যে ৪১ রান করেন তিনি।

বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৩/১২) ও মেহেদি হাসান রানা (৩/১৪) তিনটি করে উইকেট নেন। এছাড়া সাইফুদ্দিন ১৭ রানে নেন দুই উইকেট।

আগামী বুধবার এই বিশ্বকাপের প্রথম দিন এই স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।