ভারত ম্যাচের সময় হাসপাতালে অস্ট্রেলিয়ার কোচ
ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে চলার সময় হাসপাতালে যেতে হয় অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানকে। শরীরে ডিপ ভেইন থ্রোম্বোসিস (ডিভিটি) ধরা পড়েছে তার।
স্থানীয় সময় শনিবার সকালে দৌড়ানোর পর পায়ের পেছনের পেশি ফুলে যায় লেম্যানের। বিকেলে ম্যাচের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার পর দলের চিকিৎসকদের এটি জানান তিনি।
এর পর তাকে মাঠের কাছে রয়্যাল প্রিন্স আলবার্ট হাসপাতালে পাঠানো হয় বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের প্রধান জন ওরচার্ড। লেম্যান আপাতত এই হাসপাতালেই ভর্তি আছেন।
মঙ্গলবার শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থাকবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুটো।
শিরায় রক্ত জমাট বাঁধার এই রোগে ২০০৭ সালে খেলোয়াড় থাকা অবস্থায়ও একবার আক্রান্ত হয়েছিলেন লেম্যান।
সিরিজের প্রথম চার ম্যাচ জেতা অস্ট্রেলিয়া শনিবার শেষ ওয়ানডেতে ভারতের কাছে ৬ উইকেটে হারে।
