২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পান্ডের অসাধারণ শতকে হোয়াইটওয়াশ এড়াল ভারত

ক্যারিয়ারের মাত্র চতুর্থ ওয়ানডেতেই অসাধারণ এক ম্যাচজয়ী শতক উপহার দিলেন মনিশ পান্ডে। শেষ ম্যাচে রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল ভারত। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 01:26 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

সিডনিতে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া শতকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। পান্ডের অপরাজিত শতকে ভারত লক্ষ্যে পৌঁছে ৬ উইকেটে, ২ বল বাকি থাকতে।

অথচ অজিঙ্কা রাহানে চোট না পেলে এই ম্যাচে খেলাই হতো না পান্ডের। সুযোগ পেয়েই নায়ক বনে গেলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। শেষ ওভারে পান্ডের শতকের আগে ১ রানের জন্য শতক হাতছাড়া করেন রোহিত শর্মা।

শেষ ম্যাচে এই জয়ে খনিকটা মুখরক্ষা হলো ধোনির দলের, সিরিজের প্রথম চারটি ম্যাচই জিতেছিল অস্ট্রেলিয়া।

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দুর্দান্ত উদ্বোধনী জুটি ও পরে পান্ডের দারুণ ইনিংসে এক সময় সহজ জয়ের পথেই ছিল ভারত। কিন্তু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মন্থর ব্যাটিংয়ে জয়টা এক সময় হয়ে ওঠে কঠিন।

ব্যাটিংয়ে গিয়ে ছন্দ পাচ্ছিলেন না ধোনি। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৫ রান, ধোনির রান তখন ৩২ বলে ১৭! পরে অবশ্য ঘাটতিটা পুষিয়ে দেন ধোনি।

মিচেল মার্শের করা শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলটি ছিল ওয়াইড, পরের বলে লো-ফুল টসকে লং অফের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন ধোনি। তবে আউট হয়ে যান পরের বলেই।

এমন চাপেও অবশ্য ভেঙে পড়েননি পান্ডে। তৃতীয় বলে বাউন্ডারিতে নিজের শতক স্পর্শ করেন, দলকেও নিয়ে যান জয়ের কিনারায়। চতুর্থ বলেই দুটি রান নিয়ে মেতে ওঠেন বাঁধভাঙা আনন্দে।

ভারতকে রান তাড়ার ভিত্তিটা গড়ে দেন ধাওয়ান ও রোহিত। ১১০ বলে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ৫৬ বলে ৭৮ রান করে সীমানায় শন মার্শের দুর্দান্ত ক্যাচের শিকার হন ধাওয়ান।

তিনে নেমে বেশিক্ষণ টেকেননি বিরাট কোহলি (৮)। রোহিত আরেকটি ওয়ানডে শতক হাতছাড়া করেছেন ক্ষনিকের ভুলে। জন হেস্টিংসের একটু বাড়তি বাউন্সে কটবিহাইন্ড হন ৯৯ রানে।

ধোনিকে (৪২ বলে ৩৪) নিয়ে এরপর ভারতকে টেনেছেন পান্ডে। ৮১ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসে জিতিয়েছেন ভারতকে, প্রমাণ রেখেছেন উজ্জ্বল ভবিষ্যতের।

দিন শেষে আলোচনায় পান্ডে, তবে ম্যাচের প্রথম ভাগটি ছিল ওয়ার্নার ও মিচেল মার্শের। আগের ম্যাচে ৯৩ রানে আউট হলেও এবার তিন অঙ্ক ছুঁয়েছেন ওয়ার্নার। মার্শ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক।

অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৭৮ রানের মধ্যে ফিরে যান অ্যারন ফিঞ্চ (৬), স্টিভেন স্মিথ (২৮) ও জর্জ বেইলি (৬)। চোটের কারণে মিডল অর্ডারে এদিন ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলে একাদশে ফেরা শন মার্শ রান আউট হন ৭ রানে। নিয়মিত উইকেট হারালেও অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রেখেছিলেন ওয়ার্নার। যোগ্য সঙ্গী পান পরে ছোট মার্শকে। পঞ্চম উইকেটে ১১১ বলে ১১৮ রানের জুটি গড়েন দুজন।

ওয়ার্নার শতক স্পর্শ করেন ঠিক ১০০ বলে। শেষ পর্যন্ত ৯ চার ও ৩ ছক্কায় আউট হয়েছেন ১১৩ বলে ১১৮ করে। ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডের (২৭ বলে ৩৬) সঙ্গে ৫২ বলে ৮৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহ সোয়া তিনশর উপরে নিয়ে যান মিচেল মার্শ।

শতকের কাছে গিয়ে খানিকটা ‘নার্ভাস’ হয়ে পড়েছিলেন মার্শ। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শতক পান শেষ ওভারে, মাত্র ৮০ বলে। অপরাজিত থাকেন ৮৪ বলে ১০২ রানে।

এ নিয়ে মার্শ পরিবারের তিন জন ক্রিকেটার স্বাদ পেলেন আন্তর্জাতিক শতকের। মিচেলের বড় ভাই শন মার্শের শতক আছে ৬টি। দুজনের বাবা জিওফ মার্শ করেছিলেন ১৩টি শতক।

ভারতের ছন্নছাড়া বোলিং আক্রমণে নজর কেড়েছেন অভিষিক্ত পেসার জাসপ্রিত বুমরা। ১০ ওভারে ৪০ রানে নিয়েছেন ২ উইকেট; ৬০ রানে দুটি ইশান্ত শর্মা।

এই নিয়ে সিরিজের পাঁচ ম্যাচের চারটিতেই তিনশ’ ছাড়ালো অস্ট্রেলিয়া, বাকি এক ম্যাচে জিতেছিল ২৯৫ রান তাড়া করে।

তবে শেষ ম্যাচে যথেষ্ট হলো না ৩৩০ রানও। অচেনা পান্ডে নিজেকে চেনানোর মঞ্চ হিসেবে বেছে নিলেন এই ম্যাচকেই!