২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের পাঁচ উইকেট

টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ নিয়েছেন আব্দুর রাজ্জাক। তবে স্বস্তিতে নেই তার দল দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাদের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে রয়েছে মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শামসুর রহমানের শতকের পর শরীফ উল্লাহর চমৎকার ইনিংস সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে মধ্যাঞ্চলকে। 
 
তৃতীয় দিন অলআউট হওয়ার আগে ৩৮১ রান করে মধ্যাঞ্চল। এই দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। মোহাম্মদ মিঠুন ১ ও তাইবুর রহমান শূন্য রানে ব্যাট করছেন। 
 
এখনও ৩০০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল। 
 
শুরুতেই শাহরিয়ার নাফীসকে ফিরিয়ে দেন মধ্যাঞ্চলের পেসার শহিদুল ইসলাম। এরপর ফজলে মাহমুদ (৩২) ও তুষার ইমরানকে (৩৩) ফিরিয়ে দক্ষিণাঞ্চলকে চাপে ফেলেন শুভাগত হোম চৌধুরী।
 
এর আগে বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। 
 
দিনের শুরুতেই তানভীর হায়দারকে ফিরিয়ে দেন আসিফ হাসান। তবে টেল এন্ডারদের নিয়ে দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান শরীফ। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৯১ রান করেন তিনি। তার ৯৪ বলের ইনিংসটি গড়া ১০টি চার ও একটি ছক্কায়।
 
দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক ১৩৪ রানে নেন ৫ উইকেট। এর আগে ম্যাচেই উত্তরাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।