অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে টেইট
বারবার চোটে পড়ায় অস্ট্রেলিয়ার হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি শন টেইটের। প্রায় পাঁচ বছর পর আবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন তিনি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন এক সময় গতির ঝড় তোলা এই পেসার।
সোমবার অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন টেইট। তবে ২০১১ সালের বিশ্বকাপে সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন ৩২ বছর বয়সী এই পেসার। বিগ ব্যাশ লিগের চমৎকার পারফরম্যান্স আবার দলে ফিরিয়েছে তাকে।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উপেক্ষিত অভিজ্ঞ অলরাউন্ডার শেন ওয়াটসনও আছেন টি-টোয়েন্টি দলে।
বিশ্বকাপের আগে ভারতের বিপেক্ষে এই সিরিজেই সর্বশেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৬ জানুয়ারি অ্যাডিলেইডে, ২৯ জানুয়ারি মেলবোর্নে ও ৩১ জানুয়ারি সিডনিতে হবে ম্যাচ তিনটি।
আগামী মার্চ-এপ্রিলে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দাবি জানিয়ে রাখার সুযোগ পেয়েছেন নাথান লায়নও।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়মিত হলেও সীমিত ওভারের ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে পারেননি লায়ন। ৫২টি টেস্ট খেলা এই অফ স্পিনারের এখনও টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয়নি। ৮ ওয়ানডের সর্বশেষটি খেলেছিলেন ২০১৪ সালে।
টি-টোয়েন্টি দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক জর্জ বেইলি ও মিচেল মার্শকে।
টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ ও উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার টি-টোয়েন্টি দলে আছেন। তবে প্রথম ম্যাচটিই কেবল খেলবেন তারা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ দুই ম্যাচের দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। জোয়েল প্যারিসের জায়গায় লায়ন ও উসমান খাজার জায়গায় এসেছেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, ক্যামেরন বয়েস, জেমস ফকনার, জন হেস্টিংস, ট্রেভিস হেড, নাথাম লায়ন, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, শন টেইট, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।
