লেগ স্পিন নিয়ে সাব্বিরকে মাশরাফির উৎসাহ
জাতীয় দলে আরেকটি ‘বোলিং অপশন’ পেতে কাজ করছেন মাশরাফি বিন মুর্তজা। তার অংশ হিসেবেই লেগ স্পিন নিয়ে সাব্বির রহমানকে উৎসাহ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রানের জয়ে সবচেয়ে বড় অবদান সাব্বিরের। অপরাজিত ৪৩ রানের চমৎকার এক ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। পরে বোলিংয়েও নিজের সামর্থ্যটা দেখান এই তরুণ।
১১ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাব্বির। তার লেগ স্পিনে ফিরে যান হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি ও গ্রায়েম ক্রেমার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানান, বোলিংয়ে নিয়ে সাব্বিরকে কাজ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
“ব্যাটসম্যান হিসেবে সে পরিপূর্ণ। বোলিং পারাটা সব সময়ই একজন ব্যাটসম্যানের জন্য বাড়তি সুবিধা। বিপিএলের প্রথম দিকে রান না পেলেও শেষের দিকে খুব ভালো খেলেছে। এখন বোলিংয়েও ভালো করছে।”
বাংলাদেশের অধিনায়ক মনে করেন, রোববারের বোলিং যদি সাব্বির ধরে রাখতে পারেন তাহলে দল এবং তার জন্য খুব ভালো ব্যাপার হবে।
“অবশ্যই তাকে উৎসাহ দেওয়া হচ্ছে। শেন ওয়ার্ন বা অন্য লেগ স্পিনারদের মতো ক্ল্যাসিকাল বলতে যা বোঝায় সে হয়তো তা নয়। তবে সে যে বল করে সেটা লেগ স্পিন। আর লেগ স্পিনার উইকেট টেকিং বোলার।”
সাব্বিরের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। ফিল্ডার হিসেবেও তিনি তুখোড়। আর বোলিংয়েও ভালো করার তাড়না সব সময়ই রয়েছে সাব্বিরের। ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ে তার কিছু চমৎকার পারফরম্যান্সও রয়েছে।
বোলিং নিয়ে কাজ করার আগ্রহ বরাবরই রয়েছে সাব্বিরের। কয়েকবার বলেছেনও, নিয়মিত বোলিং বোলিং করতে চান তিনি।
