২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলে ম্লান রাজ্জাক

সাত উইকেট নিয়েও দক্ষিণাঞ্চলকে জয় এনে দিতে পারেননি আব্দুর রাজ্জাক। পাঁচ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলকে ৭৪ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন তাইজুল ইসলাম। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শুক্রবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। সে সময়ে ২০৪ রানে এগিয়ে ছিল নাঈম ইসলামের দলটি।

রাজ্জাকের দারুণ বোলিংয়ে শেষ দিন ২৬ রান যোগ করে ১৮২ রানে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল।

৫৮ রানে ৭ উইকেট নিয়ে লক্ষ্যটা ধরা ছোঁয়ার মধ্যেই রাখেন রাজ্জাক। এর আগে প্রথম ইনিংসে ১৬২ রানে চার উইকেট নেন তিনি।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাহরিয়ার নাফীসের দৃঢ়তায় এক সময়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৭ রান। কিন্তু ফজলে মাহমুদ ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হার এড়াতে পারেনি দলটি।

নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে সর্বোচ্চ ৭৪ রান করেন শাহরিয়ার। তিনি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণাঞ্চল।  তাদের দ্বিতীয় ইনিংস ৪৭.৫ ওভার স্থায়ী হয়।

৩৮ রানে ৫ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের জয়ে সবচেয়ে বড় অবদান বাঁহাতি স্পিনার তাইজুলের। নাসির হোসেন তিন উইকেট নেন ১৪ রানে।