সানজামুলের ৬ উইকেট
সানজামুল ইসলামের ঘূর্ণিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে লিড নিয়েছে উত্তরাঞ্চল।
বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। অধিনায়ক নাঈম ইসলাম ২১ ও ধীমান ঘোষ ৬ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ৪৮ রানে লিড পাওয়া উত্তরাঞ্চল ২০৪ রানে এগিয়ে রয়েছে।
মাইশুকুর রহমানের সঙ্গে ৪৫ রানের জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন জুনায়েদ সিদ্দিক। এক সময়ে উত্তরাঞ্চলের সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৭ রান। এরপর দুই রানের মধ্যে জুনায়েদ (৫৯), ফরহাদ হোসেন ও নাসির হোসেনকে ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দক্ষিণাঞ্চল।
প্রথম ইনিংসে শতক করা ফরহাদ ফিরেছেন ৪৮ রান করে। আবার ব্যর্থ হয়েছেন নাসির হোসেন। প্রথম ইনিংসে ৯ রান করা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এবার শূন্য রানে স্টাম্পড হয়েছেন।
দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক দুই উইকেট নিয়েছেন ৪৬ রানে।
এর আগে ৫ উইকেটে ২৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তাইবুর রহমান ও ফরহাদ রেজা এদিন অর্ধশতকে পৌঁছন।
তাইবুর-ফরহাদের দৃঢ়তায় এক সময়ে দক্ষিণাঞ্চলের স্কোর ছিল ৫ উইকেটে ৩১৩ রান। ফরহাদকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন শতক করা আরিফুল হক। ৩২.৪ ওভার স্থায়ী ১৪১ রানের জুটি ভাঙার পর সানজামুলের ঘূর্ণিতে বেশি দূর এগোয়নি দক্ষিণাঞ্চলের সংগ্রহ।
সর্বোচ্চ ৮৬ রান করেন অলরাউন্ডার ফরহাদ। তার ৮৭ বলের আক্রমণাত্মক ইনিংসটি ১০টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান আসে তাইবুরের ব্যাট থেকে। তার ১৫৪ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও একটি ছক্কায়।
শেষের দিকে সোহাগ গাজীর (২১) চেষ্টায় অলআউট হওয়ার আগে ৩৪৪ রান করে দক্ষিণাঞ্চল।
৭৯ রানে ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার সানজামুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে অষ্টমবার পাঁচ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে ফরহাদ হোসেন ও আরিফুলের শতকে প্রথম ইনিংসে ৩৯২ রান করে উত্তরাঞ্চল।
