উমর আকমলের নিষেধাজ্ঞা স্থগিত
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন উমর আকমল। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আচরণবিধি ভাঙার জন্য করাচিতে গত সপ্তাহে ম্যাচ রেফারি আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তার এই শাস্তি যে কোনো সংস্করণ বা পর্যায়ের ক্রিকেটের জন্য প্রযোজ্য বলেও জানানো হয়েছিল।
এ জন্য আকমলকে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলানো হবে না বলে জানিয়েছিলেন পাকিস্তানের ম্যানেজার ইন্তিখাব আলম।
পিসিবি ইএসপিএন ক্রিকইনফোকে জানায়, আকমল নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন এবং তার এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশ স্থগিত থাকবে।
অকল্যান্ডে আগামী শুক্রবার প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
