২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দময় সময় কাটিয়ে ফিরলেন সাকিব

স্ত্রী-কন্যার সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শুরু করেছেন অনুশীলনও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:44 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

ফেরার কথা ছিল সাকিবের ৯ জানুয়ারি। তবে চলে এসেছেন একটু আগেই। বুধবার রাতে দেশে ফিরে বৃহস্পতিবার সকালেই চলে এসেছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দলের অনুশীলন ছিল না, তবে নিজের মতো করেই অনুশীলন করলেন ইনডোরে। গত সপ্তাহ তিনেক যে ব্যাট-বলের সঙ্গে সম্পর্কই ছিল না!

বিপিএলের পর থেকেই ছিলেন ছুটিতে। যদিও ব্যস্ততা কিছু ছিল বিপিএল শেষেও। ব্যক্তিগত কিছু প্রয়োজন, বাণিজ্যিক প্রতিশ্রুতিগুলো পূরণের ব্যাপার ছিল। সবশেষে গত ২৮ ডিসেম্বর উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে, তার রাজকন্যার কাছে!

গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে জরুরি বার্তা পেয়ে দেশ ছেড়েছিলেন। পথেই পেয়েছিলেন বাবা হওয়ার খবর। সে দফায় সপ্তাহ দুয়েক থেকেই ফিরে এসেছিলেন বিপিএল খেলতে। এবার গিয়ে থাকলেন দিন দশেক।

বৃহস্পতিবার অনেকটাই আড্ডার আমেজে ছিলেন সাকিব। সংবাদকর্মীদের সঙ্গে আড্ডায় গল্প করলেন ছুটির। প্রথমবারের মত জানালেন মেয়ের নাম রেখেছেন আলাইনা হাসান অব্রি।

মেয়ে বেড়ে উঠছে, বয়স হতে চলেছে ২ মাস। সাকিব জানালেন মেয়ে ও পরিবারের সঙ্গে একান্ত ও আনন্দময় সময় কাটিয়ে এসেছেন।

“আগে বাচ্চাদের সংস্পর্শে ততটা যাওয়া হতো না। এখন তো মেয়েটা আমার কাছেই ছিল। আমার বুকে শুয়ে থাকে। মেয়ের টুকটাক কাজগুলো করেছি, এই ভালো লাগাটা অন্যরকম।”

এবার যাওয়ার সময় মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাকিব। নাতনির মুখ দেখতে উদগ্রীব ছিলেন শিরিন আখতার। হাসতে হাসতে সাকিব জানালেন, দাদি আর নানি পুরোটা সময় কাটাচ্ছেন নাতনির সঙ্গে। সাকিব ফিরলেও থেকে গেছেন তার মা।

আগামী ১৪ জানুয়ারি মেয়ের প্রথম টিকা দেওয়ার তারিখ, তারপর চাইলেই যে কোনো সময় স্ত্রী-কন্যা আসতে পারবে দেশে। তবে কবে ফিরবেন তারা, এখনও ঠিক করা হয়নি।

অল্প কদিনের ছুটি, মেয়েকে সময় দেওয়ার পাশাপাশি ঘুরে বেড়িয়েছেনও অনেক। তার ফেইসবুক পাতাতেই দিয়েছেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে স্ত্রীর সঙ্গে ছবি। শিশিরের জন্মদিনে ‘চমক’ দিয়েছিলেন হেলিকপ্টারে করে শহর ঘুরিয়ে।

সাকিব জানালেন, ছোট্ট ছুটিতেই বেড়িয়েছেন অনেক।

“অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। খুব ভালো কেটেছে ছুটি।”

বোঝাই যাচ্ছে, ক্লান্তিময় ২০১৫ সালে অনেক ক্রিকেট খেলার ধকল কাটিয়ে সাকিব ফিরেছেন ফুরফুরে হয়েই। শুক্রবার সকালেই দলের সঙ্গে উড়ে যাবেন খুলনায়। জিম্বাবুয়ে সিরিজ শেষে খুলনায় ক্যাম্প করবে দল ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর পাকিস্তান সুপার লিগ খেলতে চলে যাবেন দুবাইয়ে। সেখান থেকে ফিরেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার ক্রিকেটময় জীবন, আবার ক্রিকেটে ডুব।

তবে তুমুল ক্রিকেট ব্যস্ততার মাঝেও মনের কোণে থাকবে মেয়ের ভাবনা, চোখে ভাসবে ছোট্ট তুলতুলে মুখটি। প্রযুক্তি হয়ত দূরত্ব কমাবে, প্রতিদিনই দেখতে পাবেন মেয়েকে। তবে একটু ছোঁয়া, ওই বুকে নিয়ে শুয়ে থাকার আকাঙ্ক্ষার তীব্রতা হয়ত প্রায়ই হাহাকার জাগাবে বিশ্বসেরা অলরাউন্ডারের বুকে।