২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে খেলতে বাধা রইল না আমিরের

পাকিস্তান দলের হয়ে নিউ জিল্যান্ড সফরে যেতে আর কোনো বাধা রইল না মোহাম্মদ আমিরের। বাঁহাতি এই ফাস্ট বোলারকে ভিসা দিয়েছে ইমিগ্রেশন নিউ জিল্যান্ড (আইএনজেড)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 03:22 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

আমিরকে ভিসা দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন নিউ জিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা। 
 
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্পট-ফিক্সিং করায় তিন মাস হাজতবাস করতে হয় আমিরকে। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ক্রিকেটে ফেরেন তিনি। 
 
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে ভালো খেলে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পান আমির। তবে অপরাধমূলক কাজের জন্য দণ্ড পাওয়া কাউকে নিউ জিল্যান্ড সাধারণত ভিসা দেয় না বলে আমিরের এই সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
 
এর আগে ২০১৪ সালে ইংল্যান্ডের ভিসা পাননি আমির।
 
নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এর আগে আমিরকে দলে নেওয়াটা সমর্থন করেছিলেন। ২৩ বছর বয়সী এই পেসারকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। 
 
আমির সমর্থন পান নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান ডেভিড হোয়াইটেরও। 
 
নিউ জিল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। অকল্যান্ডে ১৫ জানুয়ারি হবে প্রথম টি-টোয়েন্টি।