চিবাবার কাছেই হেরে গেল আফগানরা
চামু চিবাবার অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থ ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
টানা দুই জয়ে সমতায় ফিরল প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া এল্টন চিগুম্বুরার দল।
সোমবার শারজায় ২২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আফগানিস্তান ৪৫ ওভারে গুটিয়ে যায় ১৬১ রানে। ব্যাট হাতে অর্ধশত করার পর ক্যারিয়ার সেরা বোলিংয়ে চিবাবা নিয়েছেন ৪ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে চিবাবা ও পিটার মুর দারুণ শুরু এনে দেন জিম্বাবুয়েকে। উদ্বোধনী জুটিতে ৯২ রান তোলেন দুজন। কিন্তু সেই ভিত্তিটাকে কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা।
৪ ছক্কায় ৫২ রান করে ফেরেন মুর; ৫৩ রানে ফেরেন চিবাবা। দুজনই ১৭ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খানের শিকার।
দুই ওপেনারের পর দু অঙ্ক ছুঁয়েছেন জিম্বাবুয়ের ৬ ব্যাটসম্যান। কিন্তু ৩০ ছুঁতে পারেননি একজনও। ফর্মে থাকা হ্যামিল্টন মাসাকাদজা করেন ২৬। জিম্বাবুয়েও তাই গড়তে পারেনি বড় সংগ্রহ।
রশিদ ও দওলত জাদরান নিয়েছেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নিয়েছেনন আমির হামজা ও মিরওয়াইস আশরাফ।
শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি আফগানিস্তান। আরও একবার সর্বোচ্চ রান করেছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ (৪৫)। হাশমতউল্লাহ শহিদি করেছেন ৩১।
ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে মিডিয়াম পেসে ১০ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চিবাবা। ম্যাচ-সেরাও তিনি।
দুটি করে উইকেট নিয়েছেন মাডজিভা, লুক জঙ্গুয়ে ও গ্রায়েম ক্রেমার।
আগামী বুধবার হবে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচ।
