জিম্বাবুয়ে সিরিজের দলে থাকছেন নুরুল-আবু হায়দার
জিম্বাবুয়ের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে থাকছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা অলরাউন্ডার শুভাগত হোমও থাকছেন দলে। তবে জায়গা হারাতে যাচ্ছেন নাসির হোসেন ও লিটন কুমার দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড রোববারই বিসিবিতে জমা দিয়েছেন নির্বাচকেরা। নিয়ম অনুযায়ী এখন সেটি বিসিবি প্রধানের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়। সেই আনুষ্ঠানিকতা সারা হলেই ঘোষণা করা হবে দল।
তবে বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, দলে আসছেন নুরুল হাসান ও আবু হায়দার। বিপিএলে নজর কাড়া পারফরম্যান্সের পরে আবু হায়দারের দলে আসা অনেকটা নিশ্চিতই ছিল। চমক বলতে হবে নুরুলের দলে আসা।
মূলত ৭ নম্বরে ব্যাটিংয়ের জন্যই ভাবা হচ্ছে নুরুল হাসানকে। এই পজিশনে টি-টোয়েন্টির চাহিদা মেটানোর মত একজন ব্যাটসম্যান দীর্ঘদিন ধরেই খুঁজে আসছে বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটায় আপাতত ভাবছে নুরুলকেই।
বিস্ফোরক ব্যাটসম্যান না হলেও নুরুলের পরিচিতি আছে ‘স্মার্ট’ ব্যাটসম্যান হিসেবে। উইকেটে গিয়েই শট খেলতে পারেন, উদ্ভাবনী শট খেলায়ও জুড়ি নেই, সিঙ্গেল চুরি করতে পারেন দারুণ। বাড়তি পাওনা হিসেবে কিপিং তো আছেই। টেকনিক্যালি দেশের সেরা উইকেটকিপার মনে করা হয় নুরুলকে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ সঙ্গত কারণেই খোলাসা করতে চাইলেন না দল। তবে তার কথায় ইঙ্গিতটা থাকল ঠিকই।
“টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা নতুন কিছু ক্রিকেটারকে দেখতে চাই। জিম্বাবুয়ে সিরিজ আমাদের সেই সুযোগ করে দিচ্ছে। দল ঘোষণার আগে কিছু বলতে চাই না, তবে নতুন মুখ আশা করতে পারেন।”
গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে একটি টি-টোয়েন্টি খেলার পর বিপিএলেও ভালো করে ইমরুল কায়েস ধরে রাখছেন জায়গা। চোটের কারণে থাকছেন না রুবেল হোসেন। তাতে ভাগ্য খুলছে হয়ত তাসকিন আহমেদের। বিপিএলে ভালো করতে না পারলেও দ্রুতগতির একজন পেসারের চাহিদা পূরণে দলে রাখা হতে পারে তাসকিনকে।
জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। তবে সবকিছু মোটামুটি চূড়ান্তই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে আসার কথা এল্টন চিগুম্বুরার দলের। ১৪, ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হওয়ার কথা টি-টোয়েন্টি ম্যাচ চারটি। সব ম্যাচই হবে সিলেটে।
সিরিজের প্রস্তুতির জন্য ৮ জানুয়ারিই দল নিয়ে সিলেট চলে যাওয়ার ইচ্ছে কোচ চন্দিকা হাথুরুসিংহের।
