বছরের প্রথম ওয়ানডে পণ্ড
নেলসনে শেষ হাসি হেসেছে বৃষ্টি। কয়েক দফা বৃষ্টিতে ভেসে গেছে নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে বছরের প্রথম ওয়ানডে।
শনিবার স্যাক্সটন ওভালে শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। বৃষ্টির জন্য খেলা শুরু হতে তিন ঘণ্টা ৪০ মিনিট দেরি হয়। ২৪ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা।
নিউ জিল্যান্ড ইনিংসের নবম ওভার শেষে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় স্বাগতিকদের স্কোর ছিল ৩ উইকেটে ৭৫ রান।
উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ২৭ রান করেন। রস টেইলর অপরাজিত থাকেন ২০ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। আগামী মঙ্গলবার হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।
