২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক দলে হায়দার, মোসাদ্দেক, নুরুল

বিপিএলে ভালো খেলার পুরস্কার পেয়েছেন আবু হায়দার রনি। বাংলাদেশের প্রাথমিক দলে এসেছেন এই বাঁহাতি পেসার। তার মতোই ২৭ জনের দলে জায়গা পেয়েছেন দুই তরুণ মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:07 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

সামনের টি-টোয়েন্টি ম্যাচগুলোর জন্য বুধবার প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি।
 
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে দারুণ অবদান ছিল ১৯ বছর বয়সী হায়দারের। ২১ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারী। বিপিএলে মুগ্ধতা ছড়ানো হায়দারের প্রাথমিক দলে ডাক পাওয়াটা অনুমিতই ছিল।
 
বিপিএল নিজেদের সেরা দিতে পারেননি মোসাদ্দেক ও নুরুল। কিন্তু প্রতিভাবান দুই তরুণের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। 
 
এর আগে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন, জাতীয় দলের পরিবেশ বোঝার জন্য নতুন কয়েক জনকে প্রাথমিক দলে রাখতে পারেন তারা।
 
সর্বশেষ ২০১৩ সালে দেশের হয়ে খেলা জহুরুল ইসলামকে প্রাথমিক দলে ফিরিয়েছে বিপিএলে তার দারুণ ব্যাটিং। রংপুর রাইডার্সের হয়ে ৯ ম্যাচ খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যান ৪১ গড়ে করেন ২০৫ রান। 
 
ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী রোববার সকাল সাড়ে নয়টায় মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। 
 
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার, লিটন দাস, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী।