টেস্ট দলে ফিরলেন ডি কক
কেপ টাউন টেস্টের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ডেল স্টেইনের চোটের কারণে দলে এসেছেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিস মরিস।
বুধবার কিংসমিডে ইংল্যান্ডের কাছে ডারবান টেস্ট ২৪১ রানে হারের কিছুক্ষণ পর দেওয়া দলে ডি কককে নেওয়ায় মিলেছে ডি ভিলিয়ার্সের ওপর চাপ কমানোর ইঙ্গিত।
এর আগে প্রথম দুই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
প্রথম টেস্টে দলের সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে উইকেটরক্ষণের কাজও করতে হয়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুটি ক্যাচ হাতছাড়া করেন তিনি। টেস্ট চলার সময়ই নিজেকে তরতাজা রাখতে কাজের চাপ কমানোর কথা বলেছিলেন ডি ভিলিয়ার্স।
ডি কক ফেরায় কেবল বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন ডি ভিলিয়ার্স।
