২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের রেকর্ডে ভাগ রুটের

টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের বিশ্ব রেকর্ডে ভারতের বিরেন্দর শেবাগকে স্পর্শ করেছেন ইংল্যান্ডের জো রুট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:56 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মঙ্গলবার ৭৩ রান করেন জো রুট। এ বছর এটি ছিল ইংলিশ ব্যাটসম্যানের ত্রয়োদশ পঞ্চাশ বা ততধিক রানের ইনিংস।

২০১০ সালে ১৩টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে এতদিন রেকর্ডটি ছিল শেবাগের একার। দুজনই খেলেছেন ১৪টি করে টেস্ট। তবে শেবাগ ইনিংস খেলেছিলেন ২৫টি, রুট ২৬টি।

শেবাগের ১৩ ইনিংসে ৫টি ছিল শতক, ৮টি অর্ধশতক। রুটের শতক ৩টি, অর্ধশতক ১০টি। এ বছর আর কোনো টেস্ট ম্যাচ নেই, শেবাগকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও তাই আপাতত নেই রুটের।

এক বছরে ১২টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ৮ জন। সেই তালিকায় আছে খ্যাতনামা সব ক্রিকেটার। ১৯৭৬ সালে ১২ বার পঞ্চাশ ছুঁয়েছিলেন ভিভ রিচার্ডস, ১৯৭৯ সালে সুনিল গাভাস্কার, ২০০৪ সালে জ্যাক ক্যালিস, ২০০৫ সালে রিকি পন্টিং, ২০০৬ সালে মোহাম্মদ ইউসুফ, ২০০৮ সালে গ্রায়েম স্মিথ, ২০১০ সালে শচিন টেন্ডুলকার ও ২০১৪ সালে কুমার সাঙ্গাকারা। 

শেবাগের রেকর্ড ছুঁলেও এ বছরের রানে স্টিভেন স্মিথকে ছাড়িয়ে যেতে পারেননি রুট। মঙ্গলবার ৭৩ রানে আউট হয়ে ২৬ ইনিংসে ১ হাজার ৩৮৫ রান নিয়ে ২০১৫ সাল শেষ করেছেন রুট। ২৪ ইনিংসে ১ হাজার ৪৭৪ রান নিয়ে বছরের রান তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করেছেন স্মিথ।