২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনেই জিতল অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্ট পঞ্চম দিনে নিতে দারুণ চেষ্টা করেছিলেন জেসন হোল্ডার ও দিনেশ রামদিন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ ভেঙে চার দিনেই দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 02:16 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

১৭৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্টিভেন স্মিথের দল।

৩ উইকেটে ৫৫১ রানে প্রথম ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসও ঘোষণা করে। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৯ রান করা স্বাগতিকরা চতুর্থ দিন আর ব্যাটিংয়ে নামেনি।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪৬০ রান। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে অতিথিদের শুরুটা ভালো হয়। কিন্তু থিতু হয়ে ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় শেষ পর্যন্ত বড় হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সাত ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু হোল্ডার ও রামদিন ছাড়া আর কেউ অর্ধশতক পর্যন্ত যেতে পারেননি।

রাজেন্দ্র চন্দ্রিকার ৩৭, ক্রেইগ ব্রেথওয়েইটের ৩১ আর ড্যারেন ব্রাভোর ২১ রানের পরও ১৫০ রানে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ বিপদে পড়ে। তবে শতরানের জুটি গড়া হোল্ডার-রামদিন খেলা পঞ্চম দিনে নিয়ে যাওয়ার আশা জাগান।

এক সময়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫ উইকেটে ২৫০ রান। কিন্তু এরপর ৩২ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারানোয় অতিথিরা শেষ পর্যন্ত তিনশ’ পর্যন্তও যেতে পারেনি।

রামদিনকে (৫৯) পিটার নেভিলের গ্লাভসবন্দি করে ১০০ রানের জুটি ভাঙেন মিচেল মার্শ। পরে সর্বোচ্চ ৬৮ রান করা হোল্ডারকেও ফেরান তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ১৩৪ বলের ইনিংসটি সাতটি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করে ২৮২ রান।

৬১ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মার্শ। অফ স্পিনার নাথান লায়ন তিন উইকেট নেন ৮৫ রানে।

এর আগে প্রথম টেস্ট ইনিংস ও ২১২ রানে জেতে অস্ট্রেলিয়া। আগামী রোববার সিডনিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।