২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় লক্ষ্য দেওয়ার পথে অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে বড় লিড নেওয়া অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে রয়েছে। অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত অর্ধশতকে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 02:45 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

সোমবার তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান। স্মিথ ৭০ ও মিচেল মার্শ ১৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
 
৭ উইকেট হাতে রেখে ৪৫৯ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। 
 
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফলো অন করানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। ২৮০ রানের লিড থাকার পরও সেই সুযোগ নেননি অধিনায়ক স্মিথ।
 
তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারেই জো বার্নসকে হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো ব্যর্থ হয়েছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। 
 
৪৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো অস্ট্রেলিয়া শতরান পার হয় উসমান খাওয়াজা ও স্মিথের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন এই দুই জন। 
 
খাওয়াজাকে (৫৬) ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। 
 

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার দিকেই মনোযোগী ছিল অস্ট্রেলিয়া। ওভার প্রতি ৫.৫৯ গড়ে রান সংগ্রহ করে স্বাগতিকরা। হোল্ডার দুই উইকেট নেন ৪৯ রানে।  এর আগে এমসিজিতে ৬ উইকেটে ৯১ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ চার উইকেটে আরও ১৮০ রান যোগ করে তারা। এতে বড় অবদান ড্যারেন ব্রাভো ও কার্লোস ব্রেথওয়েইটের। সপ্তম উইকেটে ৯০ রানের জুটি গড়েছেন ব্রাভো-ব্রেথওয়েইট। নাথান লায়নকে ফিরতি ক্যাচ দিয়ে ব্রেথওয়েইট (৫৯) ফিরে গেলে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ। ব্রাভোর দৃঢ়তায় এরপরও ৯৮ রান যোগ করে অতিথিরা। ২৭১ রানে দশম ব্যাটসম্যান হিসেবে ফিরে যাওয়ার আগে ৮১ রান করেন ব্রাভো। তার ২০৪ বলের ইনিংসটি গড়া ৮টি চারে।  অস্ট্রেলিয়ার লায়ন ও জেমস প্যাটিনসন চারটি করে উইকেট নেন।