২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলগারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াই

ডারবান টেস্টে দারুণ জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। স্টুয়ার্ট ব্রডের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান তালে লড়ছে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও ডিন এলগারের অপরাজিত অর্ধশতকে অতিথিদের প্রথম ইনিংসের জবাব দিচ্ছে হাশিম আমলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

কিংসমিডে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান। উদ্বোধনী ব্যাটসম্যান এলগার ৬৭ ও টেম্বা বাভুমা ১০ রানে ব্যাট করছেন। এখনও ১৬৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব দারুণভাবে সামলাচ্ছেন ব্রড। দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় বলেই স্টিয়ান ফন জিলকে বোল্ড করেন ডান হাতি এই পেসার।

এর পর আমলার (৭) হতাশা বাড়ান ব্রড। স্বাগতিক অধিনায়কের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে।

১৪ রানে দুই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা প্রতিরোধ গড়ে এলগার-এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে। ৮৬ রানের জুটিতে দলের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান তারা। ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন ব্রড।

ফাফ দু প্লেসিকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ আরও বাড়ান মইন আলি।

১৬ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড।

এর আগে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলা শুরু করেছিল ইংল্যান্ড। বেন স্টোকসকে ফিরিয়ে সকালে প্রথম আঘাত হানেন মর্নে মর্কেল। তারপরও এক সময়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ২৪৭ রান।

দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে দলকে আরও বড় সংগ্রহের পথে রেখেছিলেন নিক কম্পটন। কিন্তু দ্বিতীয় নতুন বলে কম্পটন, মইন ও ক্রিস ওকসকে দ্রুত ফিরিয়ে অতিথিদের তিনশ’ রান করাই কঠিন করে তুলেন মর্কেল।

৮৫ রান করতে ২৩৬ বল খেলেন কম্পটন। তার ৩৮৩ মিনিট স্থায়ী ইনিংসটি গড়া ৮টি চারে। পরপর দুই বলে ফিরে যান মইন, ওকস।

কাইল অ্যাবটের বলে বেয়ারস্টো (৪১) এলগারের তালুবন্দি হলে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপারে পরিণত হয়। ২৬৭ রানে নয় উইকেট হারানো অতিথিরা শেষ পর্যন্ত তিনশ’ পার হয় ব্রড-স্টিভেন ফিনের দৃঢ়তায়।

ফিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইংল্যান্ডের দশম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন ডেল স্টেইন। ৩০৩ রানে অতিথিরা অলআউট হওয়ার সময় ৩২ রানে অপরাজিত ছিলেন ব্রড।

দক্ষিণ আফ্রিকার স্টেইন (৪/৭০) ও মর্কেল (৪/৭৬) চারটি করে উইকেট নেন।