স্মিথ, ভোজেসের শতকের পর বোলারদের দাপট
জো বার্নস, উমসান খাওয়াজার পর শতক পেয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস। চার শতকে বিশাল সংগ্রহ গড়া অস্ট্রেলিয়া মেলবোর্নে দ্বিতীয় টেস্টে চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজকে।
রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৯১ রান। চলতি বছর এ নিয়ে চার বার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একশ’ রানের আগেই ছয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
ড্যারেন ব্রাভো ১৩ ও কার্লোস ব্রেথওয়েইট তিন রানে ব্যাট করছেন। ১৩ রান করতে ৭৫ বল খেলেন বাঁহাতি ব্যাটসম্যান ব্রাভো।
এখনও ৪৬০ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ইনিংস ও ২১২ রানে হারা অতিথিদের চোখ রাঙাচ্ছে আরেকটি ফলো অন।
ক্রেইগ ব্রেথওয়েইটের সঙ্গে রাজেন্দ্র চন্দ্রিকার ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেথওয়েইট ১৭ ও চন্দ্রিকা ২৫ রান করে ফিরে যান।
মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন ও জেসন হোল্ডার ফিরেন শূন্য রানে। জার্মেইন ব্ল্যাকউড (২৮) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ব্রাভোকে খুব একটা সঙ্গ দিতে পারেননি।
অস্ট্রেলিয়ার নাথান লায়ন, পিটার সিডল ও জেমস প্যাটিনসন দুটি করে উইকেট নেন।
এর আগে এমসিজিতে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এদিন আর কোনো উইকেট না হারিয়ে আরও ২০৬ রান যোগ করে স্বাগতিকরা। ৩ উইকেটে ৫৫১ রানে প্রথম ইনিংস ঘোষণার সময় স্মিথ ১৩৪ ও ভোজেস ১০৬ রানে অপরাজিত ছিলেন।
শতরানের ইনিংস খেলার পথে চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অ্যালেস্টার কুককে (১ হাজার ৩৫৭) পেছনে ফেলেছেন স্মিথ (১ হাজার ৪০৪)।
স্মিথের (১৩৪*) ১৭৭ বলের ইনিংসটি সাজানো ৮টি চারে। টেস্টে এটি তার ত্রয়োদশ আর চলতি বছরের ষষ্ঠ শতক।
শতকে পৌঁছনোর পথে ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকের বছরে এক হাজার টেস্ট রানের দারুণ মাইলফলক স্পর্শ করেন ভোজেস (১ হাজার ২৮)। হোবার্ট টেস্টে দ্বিশতক করা এই ব্যাটসম্যানের আগে অভিষেকের বছরে নিজের রান চার অঙ্কে নিয়ে যাওয়ার কৃতিত্ব ছিল অস্ট্রেলিয়ার মার্ক টেইলর ও ইংল্যান্ডের কুকের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৪২ গড়ে রান সংগ্রহ করা ভোজেসের (১০৬*) ১৬৬ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ। চার ইনিংসে তিনটি শতক করা এই ব্যাটসম্যান আউট হন কেবল একবার।
