২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনের তোপ, কম্পটনের প্রতিরোধ

দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের তোপে ডারবান টেস্টের শুরুতেই চাপে পড়েছিল ইংল্যান্ড। তবে নিক কম্পটনের দৃঢ়তায় শুরুর ধাক্কা সামলেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 12:02 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

শনিবার কিংসমিডে বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। আড়াই বছর পর টেস্ট খেলা কম্পটন ৬৩ ও বেন স্টোকস ৫ রানে ব্যাট করছেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ১২ রানের ভেতর দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন চোট কাটিয়ে ফেরা স্টেইন।

ম্যাচের তৃতীয় ওভারে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে (শূন্য) বিদায় করেন স্টেইন। তার বলে ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে ডিন এলগারের হাতে।

অভিষিক্ত আলেক্স হেলসও বেশিক্ষণ টেকেননি। স্টেইনের বলে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সকে সহজ ক্যাচ দিয়ে শেষ হয় তার ১০ রানের ইনিংসটি।

চলতি বছর দারুণ ছন্দে থাকা জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের ওপর চাপ আরও বাড়ান ড্যান পিট। এই অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হওয়া রুট (২৪) রিভিউ নিয়েছিলেন। তাতে কাজ হয়নি, বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত।

৪৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে কম্পটন-জেমস টেইলরের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জন ৪৫.২ ওভারে গড়েন ১২৫ রানের চমৎকার এক জুটি। দিনের শেষ বেলায় এসে ইংল্যান্ডের প্রতিরোধ ভাঙেন স্টেইন।

ডি ভিলিয়ার্সের গ্লাভসবন্দি হয়ে ফিরে যাওয়ার আগে ৭০ রান করেন টেইলর। তার ১৩৭ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। টেইলর কিছু ঝুঁকি নিলেও সারাদিনই সতর্ক-হিসেবী ব্যাটিং করেন কম্পটন। তার ১৭৯ বলের ইনিংসটি সাজানো চারটি চারে।

২৯ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার স্টেইন।