দল বাছাইয়ের স্বাধীনতা থাকল না ক্রিকেটারদের
২০১৫-১৬ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দল বাছাইয়ে স্বাধীনতা থাকল না ক্রিকেটারদের। বেশির ভাগ ক্লাবের চাওয়া অনুযায়ী ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতেই দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম।
গত সপ্তাহে সিসিডিএমের সভায় ৮-৩ ভোটে পাশ হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির প্রস্তাব। বৃহস্পতিবারের সভায় এই পদ্ধতিতেই দল গঠন চূড়ান্ত করে সিসিডিএম।
সংবাদ সম্মেলনে সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল জানান, ২৪ মার্চ শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। প্লেয়ার্স বাই চয়েজে দল গঠন হতে পারে ১৫ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে।
“প্লেয়ার্স বাই চয়েজের গ্রেডিং নির্ধারন করবে বিসিবি। লিগ শুরুর আগে সব ক্রিকেটার পারিশ্রমিকের ৫০ শতাংশ পেয়ে যাবে। বাকি টাকা ব্যাংক গ্যারান্টি মানি হিসেবে বিসিবিকে জমা দিতে হবে ক্লাবগুলোকে।”
যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে দলবদল হয়ে এলেও ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (যেটি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে) প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজস্ব পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। বিভিন্ন ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এর পর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো। সদ্য সমাপ্ত বিপিএলেও এই পদ্ধতিতেই নির্ধারিত হয়েছিল ক্রিকেটারদের দল।
২০১২-১৩ মৌসুমে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে গ্রেডিং অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এমন; ‘এ’ প্লাস ২২ লাখ, ‘এ’ ১৫ লাখ, ‘বি’ প্লাস ১০ লাখ, ‘বি’ ৮ লাখ, ‘সি’ ৫ লাখ, ‘ডি’ আড়াই লাখ, ‘ই’ ১ লাখ টাকা।
ওয়ানডে ক্রিকেটে দেশের সেরা প্রতিযোগিতায় প্রতি দলে ৮ জন বিদেশি ক্রিকেটারের নিবন্ধন করা যাবে বলে জানান রাকিব হায়দার। তবে সর্বোচ্চ দুই জন খেলতে পারবেন একাদশে।
ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দল নির্ধারণের বিপক্ষে ক্রিকেটাররা। ক্রিকেটারদের মতামত নিয়ে বিসিবি প্রধানের কাছে সিদ্ধান্ত বদলের আবেদন করার কথা আগেই জানিয়েছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব কোয়াব।
দল বাছাইয়ের স্বাধীনতা না থাকায় ও টাকা কমে যাওয়ায় কেবল এক মৌসুমের জন্য প্লেয়ার্স বাই চয়েজে দল বদল করতে রাজি হয়েছিলেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসানও জানিয়েছিলেন, কেবল একবারের জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হবে। ভবিষ্যতে আর কখনও হবে না। কিন্তু এবার বোর্ড সভাপতি দায়িত্বটা ক্লাবগুলোর ওপরই ছেড়ে দেন।
