২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টপ অর্ডার নিয়ে দুর্ভাবনা কাটল অনূর্ধ্ব-১৯ দলের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচলেন বাংলাদেশের কোচ মিজানুর রহমান ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:51 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

দক্ষিণ আফ্রিকা ও ভারতে সর্বশেষ দুই সফরে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তবে শাহরিয়ার নাফীস, শামুসর রহমান, জুবায়ের হোসেন, তাসকিন আহমেদদের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে প্রস্তুতি সিরিজে অনেকটাই স্বরূপে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা।  
 
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও শেষ প্রস্তুতি ম্যাচে জয়রাজ শেখের শতকে দারুণ এক জয় পায় মেহেদির দল। ম্যাচ শেষে টপ অর্ডার নিয়ে দুর্ভাবনা কাটার কথা জানান কোচ মিজানুর।
 
“আজকে পর্যন্ত টপ অর্ডার নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে আজকে (জয়রাজ) ইমন রান করেছে তাতে আমি সন্তুষ্ট। আর যারা অফ ফর্মে আছে, আশা করি, বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা ফিরে আসবে।”
 
আগামী ২৭ জানুয়ারি বিশ্বকাপের প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতি সিরিজ খেলবে স্বাগতিকরা। 
 
শাহরিয়ার-শামসুরের দলের বিপক্ষে চার প্রস্তুতি ম্যাচের তিনটিতেই জেতাকে বড় করে দেখছেন অধিনায়ক মেহেদি।
 
“বিশ্বকাপের আগে এই জয়গুলো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।” 
 
জয়ের চেয়েও মেহেদির কাছে সবচেয়ে বড় স্বস্তি হয়ে এসেছে ব্যাটসম্যানদের রানে ফেরা।
 
“আমাদের ব্যাটসম্যানরা সেভাবে রান পাচ্ছিল না। ভারত, দক্ষিণ আফ্রিকায় শেষ দুটি সফরে ব্যাটিং ততটা ভালো হয়নি। এখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাওয়ায় ভালো লাগছে। সাইফ (হাসান) আগের ম্যাচ একাই জেতাল, আজ (জয়রাজ) ইমন সেঞ্চুরি করল।”
 
অলরাউন্ডার মেহেদির বিশ্বাস, টপ অর্ডার ভালো সূচনা এনে দিলে সেটাকে এগিয়ে নেওয়ার সামর্থ্য মিডল অর্ডারের আছে। 
 
“শেষ করার সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের আছে। একটা ভালো শুরু এনে দিতে হবে। আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।”
 
কোচের মতো ব্যাটিংয়ের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকিয়ে আছেন অধিনায়কও।