জিম্বাবুয়ে সিরিজে টেস্টও থাকছে
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরোয়া সিরিজে টি-টোয়েন্টির পাশাপাশি একটি টেস্ট রাখার প্রস্তাব দিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি।
গত রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টেস্ট থাকবে না। বিশ্বকাপের পর কোনো ফাঁকা সময়ে তাদের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।
বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি জিম্বাবুয়ে সিরিজে টেস্টও রাখার পক্ষে মত দেয়। পরে এক সংবাদ সম্মেলনে এই কমিটির প্রধান নাইমুর রহমান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত তিনটি টেস্ট দুই ধাপে খেলার প্রস্তাব দিয়েছেন তারা।
“জানুয়ারিতে ওদের সফরে আমরা একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি রেখেছি। আমরা সব সময়ই এফটিপিতে (ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা) বেশি টেস্ট রাখার দাবি জানিয়ে আসছি। এখন টেস্ট খেলার সুযোগ থাকলেও যদি না খেলি এর নেতিবাচক প্রভাব পড়বে।”
নাইমুর জানান, আগামী বছর জিম্বাবুয়ে সফরে বাকি দুটি টেস্ট রাখার পরিকল্পনা করেছে ক্রিকেট পরিচালনা কমিটি।
“আগামী জুন-জুলাইয়ে আমরা জিম্বাবুয়ে সফরের একটি প্রস্তাব রেখেছি। সে সময় দুটি টেস্টের সঙ্গে কয়েকটি ওয়ানডেও থাকবে।”
জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে। আগামী বছরের ওই সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চায় তারা। নাইমুরের বিশ্বাস, জিম্বাবুয়ে বিসিবির প্রস্তাবে রাজি হবে।
“আমরা আমাদের প্রস্তাব ওদের দিয়েছি। এখন ওরা সিদ্ধান্ত নেবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ১১ জানুয়ারির দিকে আসতে পারে ওরা।”
টেস্ট খেললেও টি-টোয়েন্টির প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন নাইমুর। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক মনে করেন, টেস্টে ভালো করলে যে কোনো ক্রিকেটেই ভালো করা সম্ভব।
“সবাই কিন্তু টেস্ট খেলছে, ওরাও কিন্তু টি-টোয়েন্টি খেলবে। আমি মনে করি, টেস্ট খেলে যে কোনো ধরনের ক্রিকেট খেলতে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি চাইলেই টি-টোয়েন্টি খেলে টেস্টে ভালো করতে পারবেন না।”
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জানুয়ারির সিরিজে ঢাকায় কোনো ম্যাচ আয়োজন সম্ভব হবে না। নাইমুর জানান, এখন পর্যন্ত খুলনা ও সিলেট ভেন্যু তাদের ভাবনায় রয়েছে।
