সাফল্যের কৃতিত্ব সবাইকে দিলেন মাশরাফি
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলে আনার কাজটি কঠিন ছিল মাশরাফি বিন মুর্তজার জন্য। তবে সাফল্যের কৃতিত্ব দলের সবাইকে দিলেন অধিনায়ক।
কাগজে-কলমে টুর্নামেন্ট শুরুর আগে অনেকটাই পিছিয়ে ছিল কুমিল্লা। টুর্নামেন্ট চলার সময়ও চোট ও নানা সমস্যায় দল ছিল জর্জর। অধিনায়ক নিজেও খেলেছেন চোট নিয়ে। তবে সেই দলটিই ফাইনালে উঠেছে সবার আগে।
ফাইনালের আগের দিন টিম হোটেলে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, কতটা কঠিন ছিল তার চ্যালেঞ্জ।
“যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। অনেক চাপ ছিল আমার ওপর। আসলে মানসিক ও শারীরিক ভাবে বছরটা অনেক কঠিন ছিল। কিছু সময় অসুস্থ ছিলাম। সব মিলিয়ে কঠিন ছিল। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি।”
অনেকের বিশ্বাস, মাশরাফি ছিলেন বলেই এই দল নিয়ে ফাইনালের মঞ্চে আসতে পেরেছে কুমিল্লা। তবে বরাবরের মতোই নিজেকে আলাদা করে দেখতে নারাজ মাশরাফি।
“একটা দলকে কখনোই একা ঠিক করা যায় না বা পরিবর্তন করা যায় না। টিম ম্যানেজমেন্ট, কোচ-ম্যানেজার, সতীর্থ, সবার কাছ থেকেই সহযোগিতা পেতে হয়। দলের সঙ্গে সংশ্লিষ্ট সবারই কৃতিত্ব ফাইনাল পর্যন্ত আসায়।”
