‘টি-টোয়েন্টিই আমার খেলা’
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত নিজের ছায়া হয়েই ছিলেন সাব্বির রহমান। এই সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে এই তরুণকে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সেরা এই খেলোয়াড় মাঠে ব্যাট হাতেই সমালোচনার জবাব দিয়েছেন, একই সঙ্গে আবার মনে করিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টিই তার খেলা।
সীমিত ওভারের ক্রিকেটে এখন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় সাব্বির। তবে তার উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান টি-টোয়েন্টিতে এই তরুণের বিস্ফোরক ব্যাটিং।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪১ রান করেন সাব্বির। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেন ৭৯ রানের দারুণ এক ইনিংস। টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ রান।
৪৯ বলে খেলা সাব্বিরের ইনিংসটি গড়া ৭টি চার ও ৩টি ছক্কায়। ষোড়শ ওভারে আরাফাত সানির অফ স্টাম্পের বাইরের বল টেনে ডিপ মিডউইকেট দিয়ে গ্যালারিতে নিয়ে ফেলেন তিনি। এই সময়ে নিজেদের সেই গ্যালারির দিকে কিছু একটার ইঙ্গিত করেন তিনি, ম্যাচ শেষে যার ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ।
“একজন ব্যাটসম্যানের ফর্ম খারাপ যেতেই পারে। সবার সেটা বোঝা উচিত। সবাই কামব্যাক করতে চায়। আমি কামব্যাক করেছি। এজন্য দর্শকদের দেখাচ্ছিলাম যে আমিও টি-টোয়েন্টি খেলতে পারি। ভুলে যাইনি।”
কয়েক ম্যাচ খুব একটা রান না পাওয়াতেই ‘সাব্বির টি-টোয়েন্টিতে চলে না’, ‘সাব্বির টি-টোয়েন্টির ক্রিকেটার না’ এমন মন্তব্য শুনে হতাশ জাতীয় দলের এই ব্যাটসম্যান।
“আমি কিছু লোকজনকে দেখিয়েছি যে আমিও পারি; এটাই আর কী। আমি জানি, এটাই (টি-টোয়েন্টি) আমার খেলা। টি-টোয়েন্টি দিয়েই আমি জাতীয় দলে ঢুকেছি, এখান থেকেই অনেক কিছু গড়েছি। এটাই আমার খেলা।”
