অস্ট্রেলিয়ায় ৩ দিনেই উইন্ডিজের হার
হোবার্ট টেস্টে পাহাড়সম রান করার পর বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্টিভেন স্মিথের দল। প্রথম ইনিংসে ড্যারেন ব্রাভো, দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্রেথওয়েইট প্রতিরোধ গড়লেও কোনো কাজ হয়নি, তিন দিনেই হেরেছে জেসন হোল্ডারের দল।
প্রথম টেস্টে ইনিংস ও ২১২ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের ব্যবধানের দিক থেকে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। ১৯৩১ সালে ব্রিসবেনে ইনিংস ও ২১৭ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
বেলেরিভ ওভালে প্রথম চার সেশন ব্যাট করে চার উইকেট হারিয়ে ছয়শ’ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে যেন ভিন্ন এক উইকেটে! দুই ইনিংস মিলিয়েও চার সেশন ব্যাট করতে পারেনি তারা।
শনিবার ৬ উইকেটে ২০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ফলো অন এড়াতে তখনও তাদের প্রয়োজন ছিল ১৭৭ রান।
আগের দিনের ৯১ রানের জুটিকে এদিন বেশি দূর এগিয়ে নিতে পারেননি ব্রাভো-কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের সপ্তম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন জশ হেইজেলউড, ফিরিয়ে দেন রোচকে।
৯৯ রানের জুটি ভাঙার পর বেশি দূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ব্রাভো পান সপ্তম টেস্ট শতক। ১৭৭ বলে খেলা তার ১০৮ রানের ইনিংসটি ২০টি চার সমৃদ্ধ।
ব্রাভোর বিদায়ে ২২৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
চোটের কারণে দুই ইনিংসের কোনটিতেই ব্যাট করেননি ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার হেইজেলউড।
ফলো অনে নেমে জেমস প্যাটিনসনের মারাত্নক বোলিয়ে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা।
উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেথওয়েইট লড়াই চালিয়ে যান, কিন্তু কারো কাছ থেকে খুব একটা সহায়তা পাননি তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯৪ রান করেন ব্রেথওয়েইট। তার ১২২ বলের ইনিংসটি সাজানো ১২টি চার ও একটি ছক্কায়।
ব্রেথওয়েইট ছাড়া দুই অঙ্কে ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক হোল্ডার (১২) ও জেরোম টেইলর (১২)।
১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ২৭ রানে পাঁচ উইকেট নিয়ে এতে সবচেয়ে বড় অবদান প্যাটিনসনের। ডানহাতি এই পেসার টেস্টে এ নিয়ে চার বার পাঁচ উইকেট পেলেন।
অপরাজিত ২৬৯ রানের চমৎকার ইনিংসে ম্যাচ সেরা পুরস্কার জেতেন অ্যাডাম ভোজেস। তার ও শন মার্শের (১৮২) দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ৫৮৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।
