২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজেস-মার্শ জুটিতে উলট-পালট রেকর্ড বই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টের চতুর্থ উইকেটে ইতিহাসের সবচেয়ে বড় জুটি গড়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস ও শন মার্শ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 07:43 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

প্রথম দিনে লাঞ্চের একটু আগে উইকেটে জুটি বেধেছিলেন ভোজেস ও মার্শ। সেই জুটি ভেঙেছে দ্বিতীয় দিন লাঞ্চের একটু আগে, মার্শের বিদায়ে। মাঝের সময়টায় দুজনের জুটিতে হয়েছে বেশ কটি রেকর্ড, কাছাকাছি গিয়েছে আরও বেশ কটি রেকর্ডের।

১৮২ রানে আউট হয়েছেন মার্শ, ভোজেসকে ২৬৯ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। ৮৭.৩ ওভার উইকেটে এক সঙ্গে কাটিয়েছেন দুজন, ওভারপ্রতি ৫.১৩ রান তুলে দুজনে গড়েছেন ৪৪৯ রানের জুটি। ১৩৮ বছর আর ২ হাজার ১৯৩ ম্যাচের টেস্ট ইতিহাস চতুর্থ উইকেটে এর চেয়ে বড় জুটি নেই।

ভোজেস-মার্শ জুটি ভেঙেছে মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার জুটি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে করাচিতে ৪৩৭ রানের জুটি গড়েছিলেন দুই লঙ্কান ব্যাটসম্যান। ২৪০ রানে আউট হয়েছিলেন জয়াবর্ধনে, সামারাবিরা ২৩১। পাকিস্তানের মাটিতে সেটিই হয়ে আছে এখনও পর্যন্ত শেষ টেস্ট সিরিজ।

চতুর্থ উইকেটে চারশ’ রানের জুটি টেস্ট ক্রিকেট দেখেছে আর মাত্র একটিই। ১৯৫৭ সালে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের পিটার মে ও কলিন কাউড্রে। অপরাজিত ২৮৫ করেছিলেন মে, কাউড্রে ১৫৪।

মে ও কাউড্রের সেই জুটি এত দিন ছিল টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোনো জুটিতে যে কোনো দলের একমাত্র চারশ’ রানের জুটি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবচেয়ে বড় জুটির রেকর্ডটিও তাই নিজেদের করে নিয়েছেন ভোজেস-মার্শ।

সব উইকেটে সব জুটি মিলিয়ে ভোজেস-মার্শের জুটির চেয়ে বড় জুটি আছে টেস্ট ইতিহাসে আর মাত্র ৫টি। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৬২৪ রানের জুটি এখনও সবার ধরাছোঁয়ার বাইরে।

ভোজেস-মার্শের ৪৪৯ অস্ট্রেলিয়ার মাটিতে সব জুটি মিলিয়েই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ জুটি। ১৯৪৬-৪৭ অ্যাশেজের সিডনি টেস্টে পঞ্চম উইকেটে ৪০৫ রানের জুটি গড়েছিলেন সিডনি বার্নস ও স্যার ডন ব্র্যাডম্যান। দুজনই করেছিলেন ২৩৪।

১৮২ রান করে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানকে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন মার্শ। ওই শট সীমানা ছাড়ালে আরও একটি রেকর্ডের চূড়ায় উঠে যেত মার্শ-ভোজেস জুটি। দেশ-বিদেশ মিলিয়ে যে কোনো জুটিতে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় জুটি ৪৫১ রানের। ১৯৩৪ অ্যাশেজে ওভালে ওই জুটি গড়েছিলেন ডন ব্র্যাডম্যান ও বিল পন্সফোর্ড। ভোজেস-মার্শ জুটি থমকে গেল মাত্র ২ রান পেছনে।

অপরাজিত ২৬৯ রানের ইনিংসটায় বেশ কিছু ব্যক্তিগত অর্জনও ধরা দিয়েছে ভোজেসের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের এটি প্রথম আড়াইশ’ রানের ইনিংস। ১৯৬৯ সালে সিডনিতে ডগ ওয়াল্টার্সের ২৪২ ছিল আগের সেরা।

৩৫ বছর বয়সের পর অভিষিক্ত কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংসও এটি। ভোজেসের বয়স শুক্রবার ছিল ৩৬ বছর ৬৮ দিন। আগের সর্বোচ্চ ২৬৬ ছিল জিম্বাবুয়ের ডেভ হটনের। তার অভিষেক হয়েছিল ৩৫ বছর ১১৭ দিন বয়সে।

হোবার্টের এই মাঠের এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বেলেরিভ ওভালে এর আগের একমাত্র ডাবল সেঞ্চুরিটি ছিল তাসমানিয়ারই সন্তান, রিকি পন্টিংয়ের। পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে করেছিলেন ২০৯।