উদ্বোধনী জুটিতে উন্নতি চায় রংপুর
প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে ব্যাটসম্যানদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ড্যারেন স্যামি। রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার মনে করছেন, বিশেষ করে তাদের উদ্বোধনী জুটিতে আরও উন্নতি করতে হবে।
বিস্ফোরক সৌম্য সরকার ও ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স রংপুরের দুই নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান। টুর্নামেন্টে খুব একটা ভালো সূচনা এনে দিতে পারেননি তারা। তাদের সেরা জুটি ছিল ৩৮ রানের, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুবার তারা এই রান করে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে রংপুর। প্রথম কোয়ালিফায়ারের এই প্রতিপক্ষের বিপক্ষে দুবারই দ্বিতীয় ওভারে ভাঙে রংপুরের উদ্বোধনী জুটি; একবার ৯, অন্যবার ৬ রানে।
রংপুরের একটি শতরানের উদ্বোধনী জুটিও আছে।১০২ রানের সেই জুটিতে সৌম্যর সঙ্গী ছিলেন জহুরুল ইসলাম। ৮ ইনিংসে ১৯৬ রান করে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
