মাশরাফির কুমিল্লাকে স্যামির হুঙ্কার
প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ড্যারেন সামি। রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার জানিয়েছেন, কুমিল্লাকে হারাতে কী করতে হবে সেটা তাদের খুব ভালো জানা আছে।
সমান পয়েন্ট নিয়েও রান রেটে শীর্ষ দল কুমিল্লার পেছনে আছে রংপুর। এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সামি। তাদের অনুপ্রাণিত করছে গ্রুপ পর্বে দুই দলের শেষ দেখায় নিজেদের জয়ে।
“তারা নিঃসন্দেহে ভালো দল। তারা খুব ভালো খেলছে। প্রতিপক্ষকে সব সময়ই সম্মান দিতে হবে। তবে আমরা কিন্তু তাদের বিপক্ষে খেলা শেষ ম্যাচটি জিতেছি। আমাদের খুব ভালোভাবেই জানা আছে যে, কী করতে হবে।”
অলরাউন্ডারদের দল রংপুর ভারসাম্য দারুণ। সাকিব আল হাসানসহ চার জন বাঁহাতি স্পিনার খেলানোর পরও তিন জন পেসার খেলাতে পারে তারা। দুই অলরাউন্ডার থিসারা পেরেরা, সামির সঙ্গে আবু জায়েদে গড়া রংপুরের পেস বোলিংও খুব শক্তিশালী।
কুমিল্লার বিপক্ষে নিজেদের স্পিন বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সামি।
“স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাটসম্যানদের অবশ্য আরো ভালো করার দরকার।”
সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন আরাফাত সানি, সাকলাইন সজীব ও অলরাউন্ডার মোহাম্মদ নবি।
